ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে পোল্যান্ড। স্থানীয় বাজারে খাদ্যশস্যের দাম ব্যাপক হারে কমে যাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের স্বার্থ বিবেচনায় নিয়েই আমদানি বন্ধের পরিকল্পনা করা হয়েছে। পোল্যান্ডের কৃষিমন্ত্রী রবার্ট টেলাস সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে টেলাস সাংবাদিকদের বলেন, কিয়েভ পোল্যান্ডে খাদ্যশস্য রফতানি বন্ধ রাখার বিষয়ে রাজি হয়েছে। তবে দুদেশের মধ্যে ট্রানজিট সুবিধা চালু থাকবে এবং উভয় পক্ষই খুব কাছ থেকে এটি নজরদারি করবে, যাতে অবৈধভাবে কোনো আমদানি-রফতানি না হয়।
পোল্যান্ডের কৃষি মন্ত্রণালয় জানায়, ইউক্রেন থেকে অত্যন্ত সস্তা দামের খাদ্যশস্য পোল্যান্ডের বাজারে ঢুকছে। এ কারণে দেশে উৎপাদিত শস্য চাহিদা হারাচ্ছে। লোকসানে পড়ছেন হাজারো কৃষক। বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে বিক্ষোভ দানা বেঁধেছে।
ইউক্রেনীয় খাদ্যশস্যের আমদানি বাড়ায় শুধু পোল্যান্ড নয়, বরং হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া ও বুলগেরিয়ার কৃষক বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।










