৩১ বছরের মধ্যে এখন শহরটিতে অফিসের ভাড়া সবচেয়ে বেশি। মূলত দক্ষ ও মেধাবী কর্মীদের আকৃষ্ট করতেই বড় বড় কোম্পানি উন্নত মানের ও দামি এলাকায় অফিস নিতে আগ্রহী হচ্ছে। এতেই বাড়ছে ভাড়ার হার।
নিক্কেই এশিয়ার সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, কভিড-১৯ মহামারীর পর কর্মীরা ফের সশরীরে অফিসে ফিরতে শুরু করেন। ফলে অনেক কোম্পানি আগের তুলনায় বড় ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অফিসের খোঁজ করতে থাকে। এতে মূলত শহরের নামি এলাকাগুলোয় অফিসের চাহিদা বাড়তে শুরু করে। অন্যদিকে নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় নতুন অফিসের জোগানও কমছে। ফলে পুরনো কিন্তু ভালো মানের ভবনের চাহিদা ও দাম দুই-ই বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়, টোকিও স্টেশনের আশপাশের এলাকাগুলোয় ভাড়ার হার সবচেয়ে বেশি বেড়েছে। মারুনোচি-ওতেমাচি এলাকা বর্তমানে বড় করপোরেটদের প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। সেখানে প্রতি সুবো (প্রায় ৩ দশমিক ৩ বর্গমিটার) জায়গার গড় ভাড়া দাঁড়িয়েছে ৫৬ হাজার ৫০০ ইয়েনে (প্রায় ৩৬০ ডলার)। গত বছরের তুলনায় এ হার ২৪ দশমিক ২ শতাংশ বেশি।
বাজার বিশ্লেষকদের মতে, কোম্পানিগুলো মনে করছে, একটি উন্নত ও আকর্ষণীয় কর্মপরিবেশ কর্মীদের ধরে রাখতে এবং নতুন মেধাবী কর্মী নিয়োগে বড় ভূমিকা রাখবে।









