জাহাজ ও সমুদ্রপথে পণ্য পরিবহন খাতের বৃহৎ প্রতিষ্ঠান মায়েরস্ক লোহিত সাগর এড়িয়ে চলার ঘোষণা দিয়েছে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে জাহাজে হামলার পর এ ঘোষণা দেয় শিপিং জায়ান্টটি। শুক্রবার বাব আল-মান্দাব প্রণালিতে আক্রমণের শিকার হয় জাহাজ দুটি। ঘোষণা অনুসারে, ইয়েমেনের উপকূলবর্তী সমুদ্রপথের পরিবর্তে আফ্রিকা ঘুরে জাহাজ পরিচালনা করবে তারা। খবর বিবিসি ও রয়টার্স।

হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠীর কারণে বাণিজ্যিক জাহাজগুলো হুমকির মুখে পড়েছে।

ডেনমার্কের শিপিং কোম্পানি এপি মোলার মায়েরস্ক জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লোহিত সাগর হয়ে সব কনটেইনারবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। একই ধরনের পদক্ষেপের কথা বিবেচনা করার কথা জানিয়েছে জার্মান কনটেইনার লাইন হ্যাপাগ লয়েড।

শুক্রবার হ্যাপাগ লয়েডের একটি জাহাজে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। একই দিন আরো একটি জাহাজে হামলা চালায় তারা। এ সময় একটি জাহাজে আগুন ধরে যায়।

হামলার পর হুথিরা এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজগুলো ইসরায়েল যাচ্ছিল। ইয়েমেন উপকূল দিয়ে ইসরায়েলগামী ছাড়া বিশ্বের যেকোনো দেশের, যেকোনো বন্দরের জাহাজ যেতে পারবে। মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলগামী জাহাজে নিয়মিত হামলা চালাচ্ছ হুথি বিদ্রোহীরা।

হুথিদের বিবৃতিতে আরো বলা হয়, গাজা উপত্যকায় প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ না হওয়া পর্যন্ত ইসরায়েলি বন্দরগামী সব জাহাজকে আটকানো হবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গতকাল ড্রোনের আঘাতে আল জাসরাহ জাহাজের কিছু অংশে আগুন ধরে যায়। পরে তা নিভিয়ে ফেলা হয়। অন্যদিকে এমএসসি প্যালেটিয়াম থ্রি জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় জাহাজে আগুন ধরে যায়।

এর আগে এমএসসি অ্যালানিয়া নামের জাহাজকে হুমকি দেয়া হয়। দক্ষিণ লোহিত সাগর থেকে উত্তরে যাচ্ছিল জাহাজটি। হুথি বাহিনী তাদের দক্ষিণ দিকে মুখ ঘুরিয়ে নিতে বলে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আক্রান্ত তিনটি জাহাজে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সর্বশেষ হামলাটি আন্তর্জাতিক শিপিংয়ের জন্য বড় ঝুঁকির উদাহরণ।

হুথিদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, এমএসসি অ্যালানিয়া ও এমএসসি প্যালাটিয়াম থ্রি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে আল জাসরাহর কথা উল্লেখ করেনি তারা।

আল জাসরাহের মালিকানাধীন কোম্পানি হাপাগ-লয়েডের একজন মুখপাত্র বিস্তারিত না জানিয়ে বলেন, ক্রুদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেয়া হবে।