পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর কমেছে ৯ দশমিক ৪৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৬ কোটি ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, দৈনিক গড় হিসাবে যা ছিল ৬ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২৫ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ১২ টাকা ৬০ পয়সা। গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সায়। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৫ পয়সায়।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এসবিএসি ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসবিএসি ব্যাংক।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ও পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৬৬ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০। এর মধ্যে ৭৭ দশমিক ৬৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭ দশমিক ৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১৪ দশমিক ৬১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।