ভারতে গত মে মাসে কয়লা উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১০ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৬২ লাখ ৬০ হাজার টনে। ২০২২ সালের মে মাসে দেশটি উত্তোলন করেছিল ৭ কোটি ১২ লাখ ১০ হাজার টন কয়লা। ভারতের কয়লাবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানায়।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশটি উত্তোলন করেছে ১৪ কোটি ৯৪ লাখ ১০ হাজার টন কয়লা, যা গত বছরের একই সময় ছিল ১৩ কোটি ৮৪ লাখ ১০ হাজার টন।

ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড গত মাসে ৫ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টন কয়লা উত্তোলন করে। ২০২২ সালের একই সময় উত্তোলন করা হয়েছিল ৫ কোটি ৪৭ লাখ ২০ হাজার টন। সে হিসাবে উত্তোলন বেড়েছে ৯ দশমিক ৫৪ শতাংশ।

খনিগুলো থেকে গত মাসে বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানাগুলোয় কয়লা সরবরাহ ৫ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ২২ লাখ ২০ হাজার টনে। গত বছরের একই সময় যা ছিল ৭ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টন। খনি থেকে গ্রাহক পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নতিই এর মূল কারণ।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (এপ্রিল-মে) সরবরাহ করা হয়েছে ১৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার টন কয়লা। গত বছরের একই সময় সরবরাহ করা হয়েছিল ১৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টন।