চালকবিহীন ট্রাক নির্মাণে যুক্ত হচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারক অশোক লেল্যান্ড। প্রযুক্তিভিত্তিক এ রূপান্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে জোট বাঁধছে বেঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ মাইনাস জিরো। সম্প্রতি অশোক লেল্যান্ড ও মাইনাস জিরো এ কৌশলগত অংশীদারত্বের বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

চুক্তি অনুযায়ী, ২০২১ সালে প্রতিষ্ঠিত মাইনাস জিরো নিজেদের এআই-নির্ভর চালকবিহীন ড্রাইভিং প্রযুক্তি অশোক লেল্যান্ডের পরিবহনে ব্যবহার করবে। এর মাধ্যমে বাণিজ্যিক পরিবহনের ক্ষেত্রে চালকবিহীন ড্রাইভিংয়ের নিরাপদ ও সর্বত্র গ্রহণযোগ্য একটি বিকল্প তৈরি করতে চায় বলে জানায় স্টার্টআপটি।

ভারতের পরিবহন খাতে ‘বাণিজ্যিক ট্রাকিং সিস্টেমের দীর্ঘমেয়াদি বিপ্লব’ এ অংশীদারত্বের মূল লক্ষ্য বলে মাইনাস জিরোর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আওতায় প্রাথমিকভাবে বন্দর, কারখানা ও করপোরেট এলাকায় চলাচলের উপযুক্ত চালকবিহীন ট্রাকিং সিস্টেমের উন্নয়ন ঘটানো হবে। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে চালকবিহীন ট্রাকের মাধ্যমে হাব টু হাব অর্থাৎ নিকটবর্তী গুদাম, বন্দর ও কারখানায় পণ্য পরিবহন ও স্থানান্তর নিশ্চিত করা। এ পরিকল্পনার সম্প্রসারিত বাস্তবায়নে দূরবর্তী অঞ্চলে পণ্য পরিবহন ও সরবরাহে চালকবিহীন ট্রাকিং সেবা ব্যবহৃত হবে। তবে পরিকল্পনাগুলো ভারতের নিয়ন্ত্রক সংস্থার আইন ও অনুমোদনের ওপর অনেকাংশে নির্ভরশীল বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

গত বছর মাইনাস জিরো নিয়ন্ত্রিত পরিবেশে চালকবিহীন এআই-নির্ভর ড্রাইভিং প্লাটফর্মের সক্ষমতা দেখিয়েছিল। ওই সময় তারা জেডপড নামে বিশেষায়িত বাহন ব্যবহার করেছিল।

অংশীদাররা জানান, চালকবিহীন ড্রাইভিং সিস্টেমের মাধ্যমে নতুন প্রযুক্তিনির্ভর অবকাঠামো বিকাশের অংশ হতে চায়। শুধু ভারতই নয়, আন্তর্জাতিক বাজারেও তাদের চালকবিহীন ড্রাইভিং পণ্য সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

অশোক লেল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব সম্পর্কে মাইনাস জিরোর সিইও গগনদীপ রিহাল বলেন, ‘অশোক লেল্যান্ডের উচ্চমানের বাণিজ্যিক বাস, ট্রাক ও গাড়ি নির্মাণের কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। ভারত ও বিশ্বব্যাপী চালকবিহীন ড্রাইভিং ব্যবহার ত্বরান্বিত করতে এ উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।’

রিহাল আরো বলেন, ‘এআই-নির্ভর প্রযুক্তির মাধ্যমে আমরা চালকবিহীন ড্রাইভিংয়ে অনন্য ও দৃষ্টান্তমূলক পরিবর্তন আনার প্রয়াস চালিয়ে যাচ্ছি। এ অংশীদারত্বকে ভারতের চালকবিহীন ড্রাইভিংয়ের শুভসূচনা বলে মনে করছি।’ 

অশোক লেল্যান্ডের চিফ টেকনোলজি অফিসার এন সারাভানান বলেন, ‘সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি ভারতে লজিস্টিক খরচ কমানোর উপায় খুঁজছে অশোক লেল্যান্ড। এটি অর্জনের জন্যই আমরা মাইনাস জিরোর সঙ্গে অংশীদারত্ব চুক্তিটি করছি।’