ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) গত ১৬ জুন নীলক্ষেতস্থ আইসিএমএ ভবনের আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে ‘বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি: ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সিএফওদের ভূমিকা’ শীর্ষক একটি কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রোগ্রামের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচএসবিসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ইকোনমিক পলিসি গ্রুপের সিনিয়র অর্থনীতিবিদ ড. ধ্রুব শর্মা। প্যানেল আলোচনায় অংশ নেন বিকাশের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মঈন এ রাগির, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সিএফও ইলিয়াস আহমেদ এবং মারিকো বাংলাদেশ লিমিটেডের সিএফও শফিক মুশাররফ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবির কাউন্সিল সদস্য এবং প্রফেশনাল ফিমেল এমপাওয়ারমেন্ট কমিটির চেয়ারপারসন জিনিয়া তানজিনা হক।

আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাউসার আলম সভাপতির বক্তব্যে পরিবর্তনশীল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন এবং কৌশলগত আর্থিক নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী ও স্থিতিশীল প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রধান আর্থিক কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখা এবং বৈশ্বিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আরো শক্তিশালী করা এবং পেশাগত নেতৃত্বের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. ধ্রুব শর্মা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির প্রধান চালিকাশক্তি এবং টেকসই অর্থনৈতিক ও করপোরেট উন্নয়নে সিএফওদের ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও দিকনির্দেশনা দেন।

মূল প্রবন্ধ উপস্থাপনার পর অনুষ্ঠিত প্যানেল আলোচনায় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে অভিমত ব্যক্ত করেন আলোচকরা। তারা করপোরেট সুশাসন, আর্থিক স্থিতিশীলতা, মূল্য সংযোজন এবং ক্রমবর্ধমান গতিশীল ব্যবসায়িক পরিবেশে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সিএফওদের কৌশলগত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্বটি সঞ্চালনা করেন আইসিএমএবির কাউন্সিল সদস্য এবং প্লেসমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন।

সমাপ্তি আয়োজনে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএমএবির সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম। —সংবাদ বিজ্ঞপ্তি