গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে। এ উপলক্ষে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ঢাকা অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, ‘পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে ওষুধ খাতের কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়ার আগ্রহ বেশ প্রশংসনীয়। এরই মধ্যে বেশকিছু ওষুধ কোম্পানি পুঁজিবাজারে রয়েছে। করোনা-পরবর্তী সময়ে ওষুধ কোম্পানিগুলোর প্রতি মানুষের প্রত্যাশা আরো বেড়ে গেছে। তাই আমরা প্রত্যাশা করব এশিয়াটিক ল্যাবরেটরিজ বিনিয়োগকারীদের বিশ্বস্ততা ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে এবং তাদের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যসেবায় আরো কার্যকর ভূমিকা রাখবে।’
এশিয়াটিক ল্যাবরেটরিজের ব্যবস্থপনা পরিচালক মনির আহমেদ বলেন, ‘আমরা পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বস্ততা অর্জনের ব্যাপারে যথেষ্ট সতর্ক এবং তা আরো উত্তরোত্তর বাড়ানোর জন্য কাজ করব। বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণে আমরা স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।’
এ সময় অন্যদের মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজের পরিচালক মাকসুদ আহমেদ, কোম্পানি সচিব ইশতিয়াক আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) জয়ন্ত কুমার বিশ্বাস, শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলমগীর হোসেন, সিএসইর মহাব্যবস্থাপক মো. গোলাম ফারুক, প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, উপমহাব্যবস্থাপক হাসনাইন বারীসহ এশিয়াটিক ল্যাবরেটরিজ ও সিএসইর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










