প্রাইমারি অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন আরো এক দফা বেড়েছে। গত মাসে ধাতুটির উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বাড়ে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো ধাতুটির বৈশ্বিক উৎপাদন বাড়ল। উৎপাদন বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে চীন।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশগুলোয় কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে এগোচ্ছে। এক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার কথা বলছেন পরিবেশবিদরা। বিকল্প হিসেবে গুরুত্ব বাড়ছে নবায়নযোগ্য জ্বালানির। এ জ্বালানি খাতে অ্যালুমিনিয়ামের ব্যাপক চাহিদা থাকায় উৎপাদন বাড়ছে। অবকাঠামো, তার পরিবহন, সোলার প্যানেল তৈরিসহ নানা ক্ষেত্রেই ধাতুটির ব্যবহার রয়েছে।
ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গিয়েছে, আগস্টে প্রাইমারি অ্যালুমিনিয়ামের বৈশ্বিক উৎপাদন দাঁড়িয়েছে ৫৮ লাখ ৪৮ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ২ দশমিক ১ শতাংশ বেড়েছে। জুলাইয়ে উৎপাদনের পরিমাণ ছিল ৫৬ লাখ ৫০ হাজার টন। সে হিসেবেও উৎপাদন বেড়েছে।
বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক দেশ চীন। গত মাসে দেশটিতে ৩৪ লাখ ৬৮ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদন করে, যা বৈশ্বিক উৎপাদনের প্রায় অর্ধেক। তবে দেশটি নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ও বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কায় ধাতুটির দাম কমতির দিকে। এসব বিষয় চাহিদায়ও নেতিবাচক প্রভাব ফেলেছে।










