২০২২-২৩ বিপণন মৌসুমে আর্জেন্টিনায় সয়াবিন উৎপাদন বাড়ার পূর্বাভাস মিলেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় তেলবীজটির আবাদ বাড়িয়েছেন দেশটির কৃষকরা। এ কারণেই উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বুয়েন্স আয়ার্স এক্সচেঞ্জ।
এতে বলা হয়, ২০২২-২৩ বিপণন মৌসুমে আর্জেন্টিনায় ৪ কোটি ৮০ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে। গত মৌসুমের তুলনায় উৎপাদন ১৫ শতাংশ বাড়বে।
আজেন্টিনা বিশ্বের শীর্ষ সয়াবিন তেল রফতানিকারক। পাশাপাশি সয়াবিন উৎপাদনেও দেশটি অন্যতম নেতৃস্থানীয়। ২০২১-২২ বিপণন মৌসুমে দেশটিতে ৪ কোটি ৩৩ লাখ সয়াবিন উৎপাদন হয়েছিল। সে হিসাবে উৎপাদন ৪৭ লাখ টন বাড়বে।
এক্সচেঞ্জের দেয়া তথ্য বলছে, ভুট্টার অতিরিক্ত দাম বাড়ার কারণে সয়াবিনে স্থানান্তর ঘটছে। প্রক্ষেপণ অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে ভুট্টা উৎপাদন ২০ লাখ টন কমতে পারে। মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৫ কোটি টনে। তবে গম উৎপাদনে ব্যাপক নিম্নমুখিতা দেখা দিতে পারে। এ মৌসুমে উৎপাদন প্রায় ২২ শতাংশ কমার পূর্বাভাস দিয়েছে এক্সচেঞ্জ।










