যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টসওয়্যার প্রতিষ্ঠান নাইকির কানাডা শাখার বিরুদ্ধে জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার কানাডার করপোরেট এথিক্স ওয়াচডগ নাইকি কানাডা ও ডাইনেস্টি গোল্ডের বিরুদ্ধে পৃথক তদন্ত কার্যক্রম শুরু করেছে। দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে যে চীনে সাপ্লাই চেইন ও কার্যক্রম পরিচালনায় জাতিগত সংখ্যালঘু উইঘুর জনগোষ্ঠীকে শ্রমিক হিসেবে জোরপূর্বক ব্যবহার করেছে কিংবা তাদের ব্যবহারের মাধ্যমে লাভবান হয়েছে। খবর রয়টার্স।

২০২২ সালের জুনে সুশীল সমাজের প্রতিনিধিদের ২৮টি সংস্থার একটি জোট কানাডার ১৩টি কোম্পানির বিরুদ্ধে বিদেশে কার্যক্রম পরিচালনাবিষয়ক অভিযোগ করে। পরবর্তী সময়ে প্রাথমিক মূল্যায়নের পরে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

যদিও বেইজিং বারবার উইঘুরদের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমের ব্যবহার অস্বীকার করে আসছে। মঙ্গলবার অটোয়ায় চীনের দূতাবাস একটি বিবৃতিতে জানায়, জিনজিয়াংয়ের সব জাতিগত গোষ্ঠীর শ্রমিকদের অধিকার যথাযথভাবে সুরক্ষিত ছিল।