কভিড-১৯ মহামারীতে প্রাকৃতিক গ্যাসের চাহিদায় ভাটা পড়ে। ফলে উত্তোলন কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র। তবে এ বছর পরিস্থিতির উন্নতি হওয়ায় উত্তোলন বৃদ্ধির সম্ভাবনা দেখছে দেশটি। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি শর্ট টার্ম এনার্জি আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস উত্তোলক দেশ। গত বছর দেশটি দৈনিক ৯ কোটি ১৪ লাখ ৯০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছিল। ইআইএর পূর্বাভাস অনুযায়ী, এ বছর উত্তোলন বেড়ে দৈনিক ৯ কোটি ২৫ লাখ ৫০ হাজার ঘনফুটে পৌঁছবে। আগামী বছর আরো বেড়ে উত্তোলন দাঁড়াবে দৈনিক ৯ কোটি ৬৪ লাখ ১০ হাজার ঘনফুটে। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার নিয়েও পূর্বাভাস দিয়েছে ইআইএ। সংস্থাটির দেয়া তথ্য বলছে, এ বছর যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমবে। গত বছর দেশটি দৈনিক ৮ কোটি ৩২ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেছিল। কিন্তু এ বছর ব্যবহারের পরিমাণ দাঁড়াবে দৈনিক ৮ কোটি ৩২ লাখ ৩০ হাজার ঘনফুটে। আগামী বছর ব্যবহার আরো কমে ৮ কোটি ২৫ লাখ ৯০ হাজার ঘনফুটে নামবে।
এদিকে চলতি বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি বাড়াতে সক্ষম হবে যুক্তরাষ্ট্র। গত বছর রফতানি দৈনিক ৬৫ লাখ ৩০ হাজার ঘনফুট থাকলেও এ বছর তা বেড়ে দৈনিক ৯৭ লাখ ১০ হাজার ঘনফুটে উন্নীত হবে।










