অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে লিবিয়ার। এ কারণে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল কোম্পানিগুলোকে কাছে টানতে চায় যুদ্ধবিধ্বস্ত দেশটি। খবর অয়েলপ্রাইসডটকম।
লিবিয়ার জ্বালানি তেলবিষয়ক মন্ত্রী মোহামেদ আউন বলেন, আমি ব্যক্তিগতভাবে বিদেশী জ্বালানি তেল কোম্পানিগুলোকে সমর্থন জানাই। বিশেষ করে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ফিরে আসার আহ্বান জানান তিনি। যদিও দেশটির জ্বালানি তেল পরিকাঠামো বর্তমানে খুবই নাজুক। প্রয়োজন সংস্কার ও আধুনিকায়ন। আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুদ রয়েছে লিবিয়ায়। চলতি বছরের মার্চে দেশটি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর ঘোষণা দেয়। এ বছর সব মিলিয়ে দৈনিক ১৪ লাখ ৫০ হাজার ব্যারেল করে জ্বালানি তেল উত্তোলনের পরিকল্পনা রয়েছে লিবিয়ার। দুই বছরের মধ্যে উত্তোলন দৈনিক ১৬ লাখ ব্যারেল ও চার বছরের মধ্যে দৈনিক ২১ লাখ ব্যারেলে নিয়ে যাওয়ার কথা ভাবছে দেশটি।
তবে বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত বেশির ভাগ সময় উত্তোলন সমান্তরাল ছিল। এ সময় দৈনিক ১১ লাখ ৬৩ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করতে সক্ষম হয় লিবিয়া। ব্যাপক প্রতিবন্ধকতার পর উত্তোলনে এমন স্থিতিশীলতা এসেছে। তবে এখনো জটিলতা কাটেনি। বিশেষ করে বাজেটস্বল্পতা দেশটির জ্বালানি তেল উত্তোলন চ্যালেঞ্জগুলোর অন্যতম। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে চায় লিবিয়া।










