চলতি বছর রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমে যেতে পারে।
ওপেক প্লাসের সাম্প্রতিক চুক্তির ওপর ভিত্তি করে এমন তথ্য জানিয়েছেন দেশটির জ্বালানিসম্পদমন্ত্রী নিকোলাই শালগিনভ।
ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত এক অর্থনৈতিক ফোরামে রাশিয়ান সংবাদ সংস্থা ইতার-তাসকে এ তথ্য জানান তিনি।
চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া ৫০ কোটি ৬০ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করতে সক্ষম হবে।
গত বছরের তুলনায় উত্তোলন ১ শতাংশ হ্রাস পেতে পারে।
মন্ত্রী বলেন, এ বছর অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন ১ শতাংশ কমতে পারে।
বছরের শেষ পর্যন্ত উত্তোলনে নিম্নমুখী ধারা অব্যাহত থাকবে।
বছর শেষে উত্তোলনের পরিমাণ ৫০ কোটি ৬০ লাখ টনে পৌঁছবে।
তবে অবশ্যই চাহিদা ও সরবরাহের ওপর উত্তোলনে উত্থান-পতন নির্ভর করবে।
পাশাপাশি ওপেক প্লাসের চুক্তি বাস্তবায়নও উত্তোলনে প্রভাব রাখবে।
আগামী বছরের মে মাসের মধ্যে রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল ও কনডেনসেট উত্তোলনে মহামারী-পূর্ব অবস্থায় ফিরে যেতে চায় বলে জানিয়েছেন মন্ত্রী।
টানা তিন মাস নিম্নমুখী থাকার পর জুলাইয়ে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধি পায়। বাজার বিশ্লেষকরা বলছেন, ওপেক প্লাস উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত শিথিল করার কারণেই উত্তোলন বেড়েছে। এছাড়া রাশিয়ান কিছু জ্বালানি তেল উত্তোলন কেন্দ্রে শেষ হওয়া রক্ষণাবেক্ষণ কার্যক্রমও উত্তোলন বৃদ্ধিতে সহায়তা করেছে। এদিকে জুলাইয়ে বাড়লেও আগস্টে আবারো উত্তোলন হ্রাস পায়। গত মাসে দেশটি দৈনিক ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। জুলাইয়ে উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ব্যারেল।










