২০২৩ সালে দক্ষিণ কোরিয়ায় আবাসন খাতে রেকর্ড পরিমাণ খরচ করেছেন বিদেশীরা। দেশটির রাজধানী সিউল ছাড়াও অন্যান্য শহরে তারা সম্পত্তি কিনেছেন। এক্ষেত্রে এগিয়ে চীনের ক্রেতারা। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট এ তথ্য দিয়েছেন। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
সুপ্রিম কোর্ট পরিচালিত অনলাইন রিয়েল এস্টেট রেজিস্ট্রি সার্ভিসের তথ্যানুসারে, ২০২৩ সালে মোট ১৫ হাজার ৬০০ বিদেশী নাগরিক দক্ষিণ কোরিয়ায় সম্পত্তি কিনেছেন, যা দেশটির মোট জমি অধিগ্রহণের দশমিক ৯ শতাংশ।
২০১০ সাল থেকে এখানকার আবাসন খাতে বিদেশী ক্রেতাদের উপস্থিতি ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি বিষয়টি বেশ আলোচনায় এসেছে, এরপর দেশটির আদালত বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেন।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় বিদেশী ক্রেতাদের পরিমাণ ছিল দশমিক ২ শতাংশ। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় দশমিক ৩৩ শতাংশে। এরপর তা ২০১৮ সালে দশমিক ৬৪ শতাংশ ও ২০২২ সালে দশমিক ৭৫ শতাংশে উন্নীত হয়েছে। সর্বশেষ বছরে বেড়ে দাঁড়িয়ে দশমিক ৯ শতাংশে।
দক্ষিণ কোরিয়ার আবাসন খাতে চীনের নাগরিকদের অংশগ্রহণ ক্রমেই বেড়ে চলেছে। গত বছর চীনা ক্রেতা ছিল ১১ হাজার, যা মোট বিদেশী ক্রেতার ৭২ দশমিক ৯ শতাংশ। প্রকাশিত তথ্য আরো দেখিয়েছে যে ২০২৩ সালে ১২ হাজারেরও বেশি বিদেশী অ্যাপার্টমেন্ট কিনেছেন। এ ক্রয় আবাসিক খাতে লেনদেনের ১ দশমিক ২১ শতাংশ।










