ইন্দোনেশিয়া চলতি বছরের জুনে পাম অয়েলের বাজার আদর্শ দাম চালুর পরিকল্পনা করছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
বাজার আদর্শ দাম হলো আন্তর্জাতিক মার্কেটপ্লেসের একটি নির্দিষ্ট অংশে প্রতি ইউনিট পণ্যের নির্ধারিত দাম। যেসব দেশ বা উৎপাদক সংস্থা বিভিন্ন কমোডিটি এক্সচেঞ্জে একটি নির্দিষ্ট পণ্য অনেক বেশি পরিমাণে রফতানি করে, মূলত তারাই এ দাম নির্ধারণ করে। দাম নির্ধারণের প্রক্রিয়াটি হয় পর্যায়ক্রমে। সাধারণত প্রতি মাসে আন্তর্জাতিক বাণিজ্য নির্দেশনা মেনে কাজটি করা হয়।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েল বিক্রির ক্ষেত্রে মালয়েশিয়ান বাজার আদর্শ দাম অনুসরণ করা হয়। এবার ইন্দোনেশিয়াও এটি চালু করতে যাচ্ছে।
ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন কমোডিটি ফিউচারস ট্রেডিং অথরিটির এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান বলেন, সম্ভব হলে জুনের আগেই বাজার আদর্শ দাম চালু করা হবে। এক্ষেত্রে আমাদের আর কুয়ালালামপুরের ওপর নির্ভর করতে হবে না। মালয়েশিয়ার চেয়ে আমাদের অনেক বেশি পাম অয়েল রয়েছে। তাহলে আমরা কেন তাদের অনুসরণ করব?
বেশির ভাগ ইন্দোনেশিয়ান পাম অয়েল রফতানিকারক বর্তমানে কোনো এক্সচেঞ্জ ছাড়াই সরাসরি ক্রেতার কাছে পণ্যটি বিক্রি করে। দেশটিতে রাষ্ট্রীয় পর্যায়ে একটি নিলাম অনুষ্ঠিত হয়। রাষ্ট্রায়ত্ত কোম্পানি কেপিবি নুসানতারা এতে পাম অয়েল নিলাম করে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় দুটি কমোডিটি এক্সচেঞ্জ রয়েছে। এগুলো হলো ইন্দোনেশিয়া কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ এবং জাকার্তা ফিউচারস এক্সচেঞ্জ।










