ইউএস স্টিলের প্রস্তাবিত অধিগ্রহণের জন্য এপ্রিলের শেষ নাগাদ ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স (ইউএসডব্লিউ) ইউনিয়নের সমর্থন অর্জনের লক্ষ্য নিয়েছে ইস্পাত নির্মাতা কোম্পানি নিপ্পন স্টিল। কোম্পানিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকাহিরো মোরি এ তথ্য জানিয়েছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই অধিগ্রহণের কাজ সম্পন্ন করবে বলে জানিয়েছে নিপ্পন। খবর নিক্কেই এশিয়া।

শুরু থেকেই মালিকানা বিদেশীদের হাতে চলে যাওয়ায় বিষয়টির বিরোধিতা করে আসছে ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স (ইউএসডব্লিউ) ইউনিয়ন। তারা এ চুক্তিকে অদূরদর্শী বলে আখ্যায়িত করে তা বন্ধ করার দাবিও জানিয়েছে। মূলত ১৯০১ সালে অ্যান্ড্রু কার্নেগি ও জেপি মরগানের প্রতিষ্ঠিত ইউএস স্টিল একসময় বৈশ্বিক ইস্পাত শিল্পে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। কিন্তু কয়েক দশক ধরে বিদেশী প্রতিযোগিতার কারণে তাদের অবস্থান দুর্বল হয়ে ওঠে। বর্তমানে বিশ্বব্যাপী ২২ হাজারেরও বেশি কর্মী ইউএস স্টিলের জন্য কাজ করছে। যার মধ্যে প্রায় ১২ হাজার মার্কিন নাগরিক রয়েছে।

এছাড়া নিপ্পন স্টিল কর্তৃক ইউএস স্টিল অধিগ্রহণের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় ফিরে এলে তিনি এ চুক্তি বাতিল করবেন। এর আগে গত ডিসেম্বরে নিপ্পন কর্তৃক ইউএস স্টিল অধিগ্রহণের বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছিল জো বাইডেন প্রশাসন। 

নিপ্পন স্টিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকাহিরো মোরি জানান, নিপ্পন স্টিল দ্রুত অধিগ্রহণের কার্যক্রমটি সম্পন্ন করতে চায়, পাশাপাশি অনুমোদন পেতে ইউনাইটেড স্টিল ওয়ার্কার্সের সঙ্গে আলোচনাও শুরু করছে।

নিপ্পন স্টিলের বৈদেশিক ব্যবসায়ের দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকাহিরো মোরি আগামী এপ্রিল থেকে ইউএস স্টিল অধিগ্রহণের প্রকল্পটির নেতৃত্ব দেবেন। তিনি জানান, নভেম্বরে নির্বাচন হওয়ার আগে অধিগ্রহণের কাজ শেষ করতে চায় নিপ্পন স্টিল। ইউএস স্টিলের শেয়ারহোল্ডারদের ও কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন ইউনাইটেড স্টেটস (সিএফআইইউএস) থেকে অনুমোদন নিয়েই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

নিপ্পন স্টিল মার্চে শেষের হতে যাওয়া শেয়ারহোল্ডারদের সভা থেকে অনুমোদন পেতে কোনো প্রকার বাধার আশঙ্কা করছে না। নিপ্পন স্টিল ২০২৩ সালের ডিসেম্বরে ইউএস স্টিলের শেয়ারের দামের চেয়ে প্রায় ৪০ শতাংশ প্রিমিয়াম অফার করেছিল। তাকাহিরো মোরির মতে, এ অফার কোনো শেয়ারহোল্ডাররা বিরোধিতা করবে না।

তবে নিপ্পন স্টিল কর্তৃক ইউএস স্টিল অধিগ্রহণের পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্রমবর্ধমান রাজনৈতিক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ইউএসডব্লিউ ও কিছু কংগ্রেসের সদস্য ২০২৩ সালের ডিসেম্বরে এ অধিগ্রহণ চুক্তির ঘোষণার পর থেকেই বিরোধিতা করে আসছিল। গত জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে এ অধিগ্রহণ চুক্তিকে আটকে দিতে চান।