সরবরাহ চেইনে বিঘ্ন ঘটার আশঙ্কায় বেড়েছে তামার দাম। সম্প্রতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরুতে তামার সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বৃহস্পতিবার পেরুর এস্পিনার প্রদেশের একটি আদিবাসী সম্প্রদায়ের লোকজন খনিতে যাওয়ার একটি উল্লেখযোগ্য রাস্তা অবরোধ করে রাখলে এ উদ্বেগ তৈরি হয়। খবর রয়টার্স।
অবরোধকারীদের এক নেতা জানান, তারা সরকার ও গ্লেনকোর পিএলসির অ্যান্টাপ্যাকায় তামা খনির বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ এ রাস্তা অবরোধ করেছেন। এএমজি লিমিটেডের লাস বাম্বাস খনিতে একই ধরনের সমস্যা সমাধানের একদিনের মাথায় এ ঘটনা ঘটে।
এক সপ্তাহ আগে ব্রাজিলের মাইনার ভালে এসএ জানায়, তাদের সালোবো খনিতে তামার উত্তোলন সাময়িক বন্ধ থাকায় সরবরাহ চেইনে বিঘ্ন ঘটতে পারে। কনভেয়র বেল্টে অগ্নিকাণ্ডের ফলে তারা খনিটিতে উত্তোলন বন্ধ রেখেছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জ অনুসারে ত্রৈমাসিক ভিত্তিতে বিক্রীত কপারের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি টন ৯ হাজার ২৮০ ডলার। চলতি মাসের শুরুতে ধাতুটির দাম ছিল প্রতি টন ৯ হাজার ১২৮ ডলার।










