সদবির মতো নামি নিলাম ঘরগুলো স্পোর্টস স্মারকের স্টক বাড়াচ্ছে। কোম্পানিটি প্রথমবারের মতো ‘স্পোর্টস উইক’ও ঘোষণা করেছে। এর আওতায় যুক্ত হচ্ছে তারকা খেলোয়াড়দের ব্যবহৃত স্পোর্টস আইটেম, অন্তর্ভুক্ত থাকবে ছয়টি লাইভ ও অনলাইন নিলাম। ক্রীড়া সংগ্রহের বাজার ক্রমেই বড় হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছে বাজার বিশ্লেষক সংস্থা মার্কেট ডিসিফার। এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বিশ্বব্যাপী আনুমানিক ২ হাজার ৬১০ কোটি ডলারের ক্রীড়া স্মারক বিক্রি হয়েছিল। ২০৩২ সাল নাগাদ ২২ হাজার ৭২০ কোটি ডলারে পৌঁছে যাবে বিক্রির এ অংক। ক্রীড়া সামগ্রী সংগ্রহে নিলামের বাজারে আগের চেয়ে বেশি তরুণদের উপস্থিতি বাড়ছে। সদবি জানিয়েছে, তাদের গড় গ্রাহকের বয়স ২০-৪০ বছর, যাদের মধ্যে অর্ধেকই নতুন। সমসাময়িক সামগ্রী ও ঘড়ির দিকেও মনোযোগ রয়েছে তরুণদের। লাভজনক হওয়ায় সদবি নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করেছে সম্প্রতি। নিলাম ঘরটি জার্সি বিক্রির জন্য যুক্তরাষ্ট্রে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের (এনবিএ) সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে। এছাড়া বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে একই ধরনের চুক্তির আলোচনা চলছে। চলতি বছরের শুরুর দিকে সদবি এনবিএ ফাইনালে মাইকেল জর্ডানের পরা ছয়টি পৃথক এয়ার জর্ডান স্নিকার্সের ‘দ্য ডাইনেস্টি কালেকশন’ নামের সেট ৮০ লাখ ডলারে বিক্রি করেছিল। জুতার ক্ষেত্রে এ দাম বৈশ্বিক রেকর্ড ও জর্ডানের স্মৃতিচিহ্নের জন্য দ্বিতীয় সর্বোচ্চ। সদবির স্পোর্টস উইকের অন্যতম আকর্ষণ হলো ১৯৭৫ সালে ‘থ্রিলা ইন ম্যানিলা’ ম্যাচে কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর পরা এক জোড়া শর্টস। যার মূল্য ৪০-৬০ ডলারে উঠতে পারে। খবর সিএনবিসি ও ছবি সদবি