বিদ্যুৎ চাহিদা মেটাতে কয়লায় নির্ভরতা বাড়ছে চীনের। দেশটির কয়লা আমদানি বেড়ে এক বছরের সর্বোচ্চে পৌঁছেছে। তীব্র দাবদাহের উত্তাপে দেশটিতে বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে। এর সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে পাল্লা দিয়ে বাড়ছে কয়লার চাহিদা। খবর দ্য ইকোনমিক টাইমস।

বিদ্যুতের চাহিদা মেটাতে চলতি বছরের শুরু থেকেই কয়লা উত্তোলন বাড়াচ্ছে চীন। আন্তর্জাতিক বাজারে বহুমুখী সংকটের কারণে জ্বালানিটির দাম ব্যাপক বেড়েছে। রাশিয়া-ইউক্রেন সংকট বাজার পরিস্থিতিকে আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকার দৈনিক কয়লা উত্তোলন বাড়াতে খনিগুলোকে নির্দেশ দেয়। উদ্দেশ্য আমদানি কমিয়ে আনার মাধ্যমে ব্যয় সংকোচন করা। কিন্তু ভয়াবহ দাবদাহের কারণে দেশটি বিপুল পরিমাণ কয়লা আমদানি করতে বাধ্য হচ্ছে।

চীন বিশ্বের শীর্ষ কয়লা ব্যবহারকারী দেশ। আগস্টে দেশটি সব মিলিয়ে ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি করে। জুলাই মাসে আমদানির পরিমাণ ছিল ২ কোটি ৯৪ হাজার ৬০ হাজার টন। শুধু এক মাসের ব্যবধানেই নয়, গত বছরের আগস্টের তুলনায়ও আমদানি বেড়েছে। ওই সময় দেশটি ২ কোটি ৮০ লাখ ৫০ হাজার টন কয়লা আমদানি করেছিল। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে চলতি বছরের প্রথম আট মাসে জ্বালানিটির আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৯ শতাংশ কমেছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টন। আট মাসে আমদানি কমার মূল কারণ ঊর্ধ্বমুখী উত্তোলন। দেশটির সরকার স্থানীয় বাজারে কয়লার সর্বোচ্চ দর নির্ধারণ করে দেয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো খনি থেকেই কয়লার সরবরাহ নিশ্চিত করতে উৎসাহিত হচ্ছে।

এদিকে আগস্টে কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। কারণ গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে চীনে জলবিদ্যুৎ উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কয়লাচালিত কেন্দ্রগুলো উৎপাদন বাড়াচ্ছে।

চীনা কয়লা পরিবহন ও বিতরণ অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য বলছে, আগস্টের মাঝামাঝি সময়ে আটটি প্রধান উপকূলীয় অঞ্চলে কয়লার দৈনিক ব্যবহার ২৩ লাখ ৬০ হাজার টনে উন্নীত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ব্যবহার বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ।

চীনের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলো আগস্টে আরো বেশি কয়লা সরবরাহের জন্য দরপত্র আহ্বান করে। এসব কেন্দ্র ইন্দোনেশিয়া থেকে মাঝারি ও নিম্ন হিটিং ভ্যালুর কয়লা আমদানির আগ্রহ প্রকাশ করেছে।