টেকসই পোশাক শিল্পের আন্তর্জাতিক এ প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেভর ইন্টারন্যাশনাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন; চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সভাপতি হান কুন; ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহসভাপতি লিসা লু। অন্যদের মধ্যে আরো ছিলেন বিজিএমইএ পরিচালক শাহ রায়ীদ চৌধুরী; বাংলাদেশ–চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম; বিজিবিএ সভাপতি মো. আব্দুল হামিদ এবং সেভর ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলমসহ আমন্ত্রিত অতিথিরা। 

প্রদর্শনীটির সহআয়োজক হিসেবে রয়েছে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)। এছাড়া সহযোগী অংশীদার হিসেবে রয়েছে চীনের দূতাবাস, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ), জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ও সাংহাই ক্লাইমেট উইক। টেকসই ও পরিবেশবান্ধব টেক্সটাইল প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও চীনের বিভিন্ন খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, বিটুবি সভা, সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ ও চীনের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। আয়োজকরা জানান, প্রদর্শনীটি ১৪ থেকে ১৬ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।