সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে মুনাফা বেড়েছে ৪৫ দশমিক ৪৩ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৩ টাকা ৮৩ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৫ টাকা ২৫ পয়সায়। 

এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৪ মে বেলা ৩টায় হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজিএমের স্থান ও অনলাইন লিংক পরে জানানো হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ মার্চ। 

সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লাফার্জহোলসিম বাংলাদেশের আয় হয়েছিল ২ হাজার ১৬৪ কোটি ৬২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৬৯৮ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫২১ কোটি ৪৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৩৩০ কোটি ৮২ লাখ টাকা। তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৯ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২ টাকা ৮৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৯ পয়সায়। সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদ।