সিমেন্ট খাতের তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসি সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। মঙ্গলবার স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি ৬৩ পয়সা লোকসান হয়েছিল কোম্পানিটির।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৫৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএনভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ২২ পয়সায়, গত বছরের একই সময় যা ছিল ৪৯ টাকা ১৮ পয়সা।
২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ক্রাউন সিমেন্টের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ৭৯ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৯ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫২ টাকা ৬৯ পয়সা।
ক্রাউন সিমেন্টের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।










