এশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে এস্তোনিয়ার রাইড শেয়ারিং কোম্পানি বোল্ট। থাইল্যান্ডের বাজারে শক্তিশালী অবস্থান তৈরির জন্য ৩০ কোটি বাথ বিনিয়োগের ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণাটি এমন সময় এল, যখন কোম্পানিটি ভৌগোলিক বিস্তৃতির জন্য ৬২ কোটি ৮০ লাখ ইউরো তহবিল সংগ্রহ করেছে। খবর ব্যাংকক পোস্ট। 

কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে পুনরুদ্ধার হচ্ছে রাইড শেয়ারিং পরিষেবা। থাইল্যান্ডের স্থানীয় বাজারে গ্র্যাব, লাইন ম্যান ট্যাক্সি ও এয়ার এশিয়া গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। গত বছর থাইল্যান্ডের গ্র্যাব ট্যাক্সি ৫৭ কোটি ৬০ লাখ বাথ আয় করেছে। প্রায় এক দশক ধরে সেবা দেয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় মুনাফা। প্রতিষ্ঠানটি চলতি বছরেও মুনাফা আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ঠিক সে সময়ে দাঁড়িয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে কিংবা এগিয়ে থাকতে হলে বোল্টের জন্য বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন।

প্রতিষ্ঠানটির থাইল্যান্ড বিভাগের ব্যবস্থাপক নাথাডন সুকসিরিটারনান বলেন, ‌‘বোল্টের জন্য থাইল্যান্ডের বাজার গুরুত্বপূর্ণ। এখানকার রাইড শেয়ারিং বাজারে চাহিদা, অর্থনৈতিক ব্যাপ্তি ও পর্যটন খাতে থাইল্যান্ডের অবস্থান আকর্ষণীয় হয়ে উঠেছে।’ 

নাথাডনের ভাষ্যমতে, দেশটিতে এখনো রাইড শেয়ারিং খাতে অগ্রগতির যথেষ্ট সুযোগ রয়েছে। ১০ শতাংশ জনগণের কাছে পৌঁছেছে সেবা, যা ৫০ শতাংশ পর্যন্ত উত্তীর্ণ করা যেতে পারে। থাইল্যান্ডের বাজার বিস্তৃত হতে পারে ১৬ হাজার কোটি বাথ পর্যন্ত, বর্তমানে যা ৭ হাজার ৮০০ কোটি বাথে রয়েছে। বার্ষিক প্রবৃদ্ধির হার উত্তীর্ণ করা যাবে ৯ দশমিক ৪ শতাংশে। আগামী তিন বছরে বোল্ট ৩০ কোটি বাথ বিনিয়োগ করবে। তহবিলের অর্থ ব্যবহার হবে সেখানকার পরিষেবা বিস্তৃত করতে এবং প্লাটফর্মটির সঙ্গে নতুন ড্রাইভারকে যুক্ত করতে। চলতি বছরের শেষ দিকে চালক সংখ্যা দ্বিগুণ করতে চায় বোল্ট। ২০২০ সাল থেকে বোল্ট থাইল্যান্ডে রাইড শেয়ারিং পরিষেবা দিয়ে আসছে। 

প্রতি বছরই উল্লেখযোগ্য মুনাফা তহবিলে তুলছে প্রতিষ্ঠানটি। অনুমোদন পেয়েছে দেশের স্থল পরিবহন মন্ত্রণালয় থেকে। পরিষেবাটি একদিকে যেমন কর্মসংস্থান তৈরি করেছে, অন্যদিকে বাড়িয়েছে অর্থনৈতিক গতিশীলতা। জনগণকেও দিয়েছে দ্রুত পরিবহনের নিশ্চয়তা। থাইল্যান্ডের বাজারে প্রতিযোগিতা নিয়ে বোল্ট অনবগত নয়। যদিও নিরাপত্তা বাড়ানোর মধ্য দিয়েই গ্রাহক আকর্ষণের দিকে মনোযোগী বোল্ট।

ব্যবসা সম্প্রসারণের নীতিতে বোল্ট বেশি সচেতন। নাথানডন মনে করেন, গত কয়েক বছরে আমরা ড্রাইভারদের থেকে কোনো প্রকার ফি কর্তন করিনি। বিষয়টি গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানের অবস্থান বাড়াতে সহায়তা করেছে। ১২ জুন থেকে বোল্ট ১৫ শতাংশ কমিশন কাটতে শুরু করবে ড্রাইভারদের কাছ থেকে। বোল্ট বিশ্বের ৪৫টি দেশে ও ৫০০ শহরে কাজ করছে। ইউরোপ ও আফ্রিকায় মোট ১০ কোটির বেশি গ্রাহক তাদের। যদিও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কেবল থাইল্যান্ডেই উপস্থিতি রয়েছে কোম্পানিটির।