প্রায় ১৫ বছর আগে ২০০৭-০৮ সালে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ সংকট তৈরি হয়। ওই সংকট ও কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে ২০২৩ সালেই সবচেয়ে কঠিন বছর পার করল বৈশ্বিক ব্যাংক খাত। পুরো বছরে ৬১ হাজার ব্যাংকার কর্মসংস্থান হারিয়েছেন।
ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত খবরে বলা হয়, মহামারী-পরবর্তী সময়ে বৈশ্বিক অর্থনীতি অনেকটাই স্থবির ছিল। এ সময় ব্যাংকগুলোও আর্থিক সংকটের মধ্যে ছিল। যার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে অনেক ব্যাংক খরচ কমাতে কর্মী ছাঁটাই করেছে।
নতুন চুক্তি না হওয়ায় এবং পাবলিক লিস্টিং কমে আসায় বিনিয়োগ ব্যাংকগুলো টানা দুই বছর ধরে ফি কমিয়ে আসছে। এ পরিস্থিতিতে লাভজনক অবস্থা ধরে রাখার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো কর্মী সংখ্যা কমাতে বাধ্য হয়। এছাড়া ক্রেডিট সুইসের মালিকানা গ্রহণের পর ইউবিএস ১৩ হাজারের বেশি কর্মী ছাঁটাই করে। সামনের বছরও বড় ধরনের ছাঁটাইয়ের আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আর্থিক সেবা প্রতিষ্ঠান হেডহান্টিং ফার্ম সিলভারমাইন পার্টনার্সের মালিক লি থ্যাকার বলেন, ‘অধিকাংশ ব্যাংকেই কোনো বিনিয়োগ নেই, প্রবৃদ্ধি নেই। সার্বিক পরিস্থিতিও স্থিতিশীল নয়।’ ফাইন্যান্সিয়াল টাইমসের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বের শীর্ষ ২০টি ব্যাংক ৬১ হাজার ৯০৫টি কর্মসংস্থান কমিয়েছে। ২০০৭-০৮-এর অর্থনৈতিক মন্দার সময় বিনিয়োগকারীরা ১ লাখ ৪০ হাজারের বেশি কর্মসংস্থান কমিয়েছিলেন।
বিভিন্ন ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য ও নিজস্ব প্রতিবেদনের মাধ্যমে এ পরিসংখ্যান তৈরি করেছে ফাইন্যান্সিয়াল টাইমস। এর মধ্যে ছোট ব্যাংক ও কম কর্মী ছাঁটাইয়ের অনেক তথ্য যুক্ত হয়নি। বিশ্লেষকদের মধ্যে এসব তথ্য যুক্ত হলে ব্যাংক খাতে কর্মী ছাঁটাই বা কর্মসংস্থান কমানোর সংখ্যা আরো বেড়ে যেত।
২০১৫ ও ২০১৯ সালেও ব্যাংক খাতে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, কম সুদহারের কারণে ইউরোপের ব্যাংকগুলো তাল মেলাতে পারছিল না এবং এটি কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলে। কিন্তু ২০২৩ সালে ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলো অর্ধেকের বেশি কর্মসংস্থান কমিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ক্রমবর্ধমান সুদহারের কারণে ব্যাংকিং ব্যবসাকে বাধাগ্রস্ত করেছে বিনিয়োগ।
সুইজারল্যান্ডের ইউবিএস কর্মসংস্থান কমানোর দিক থেকে সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে। মার্চে ক্রেডিট সুইস অধিগ্রহণ করার পরই বাজার পর্যবেক্ষকরা পূর্বাভাস দিয়েছিলেন, অর্থনৈতিক মন্দার পর উল্লেখযোগ্য এ অধিগ্রহণের কারণে ১০ হাজারের বেশি কর্মসংস্থান কমানো হবে। ক্রেডিট সুইস নয় হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল। কিন্তু ইউবিএস আরো বেশি ছাঁটাই করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
গত নভেম্বরে ইউবিএস জানায়, এরই মধ্যে ব্যাংকটি ১৩ হাজারের বেশি কর্মসংস্থান কমিয়েছে এবং এর মাধ্যমে মোট কর্মী সংখ্যা ১ লাখ ১৬ হাজারে নেমে এসেছে। ইউবিএসের প্রধান নির্বাহী সার্জিও এরমোত্তি ইঙ্গিত দিয়েছেন, ২০২৪ সালে আরো কয়েক হাজার কর্মী ছাঁটাই করা হবে।
অন্যদিকে চলতি বছর ওয়েলস ফার্গো দ্বিতীয় সর্বোচ্চ কর্মী ছাঁটাই করেছে। চলতি মাসেই প্রতিষ্ঠানটি জানায়, কর্মী সংখ্যা ১২ হাজার কমিয়ে ২ লাখ ৩০ হাজারে নামিয়ে আনা হয়েছে। বছরের তৃতীয় প্রান্তিকে সাত হাজারের বেশি কর্মসংস্থান কমানো হয়েছে। ব্যাংকের প্রধান নির্বাহী চার্লি স্কার্ফ এক ঘোষণায় জানান, আরো কয়েক হাজার কর্মসংস্থান কমানো হতে পারে।










