বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আসন্ন রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ ও বাজার স্থিতিশীল রাখতে সরকার পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছে। কোনো পণ্যের সংকট হবে না, মূল্যও বাড়বে না। ভোক্তারা যদি একসঙ্গে বেশি পণ্য না কেনেন, তাহলে বাজারে পণ্যের ওপর একসঙ্গে বেশি চাপ পড়বে না।’ গতকাল রংপুর ক্রিকেট গর্ডেনে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে অনেক পণ্য দেশে এসেছে, কিছু পণ্য পথে আছে এবং কিছু ক্রয়ের প্রক্রিয়া চলছে। ভোক্তারা স্বাভাবিক পরিমাণে পণ্য ক্রয় করলে কোনো সমস্যা হবে না।

টিপু মুনশি আরো বলেন, রমজান মাসকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী অবৈধভাবে মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। রমজান মাস সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব পণ্যের আমদানিকারক, বাজারজাতকারী প্রতিষ্ঠান ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে, আরো আলোচনা হবে। সরকার ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা করছে।

তিনি বলেন, উৎপাদন ব্যয়ের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, এতে অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়া স্বাভাবিক। গ্যাসে যেসব পণ্য উৎপাদন করা হয়, সেসব পণ্যের মূল্যের ওপর কিছুটা প্রভাব পড়বে। নতুন করে গ্যাসের দাম নির্ধারণে আলোচনা চলছে। মানুষের জন্য ন্যায্যমূল্যে গ্যাস ও বিদ্যুতের মূল্য নিশ্চিতের চেষ্টা চলছে।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী মেলায় স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১২০টি স্টল রয়েছে। রয়েছে দৃষ্টিনন্দন প্রবেশগেট ও শিশুদের জন্য বিভিন্ন রাইড। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা।

অনুষ্ঠানে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. মো. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেম ও অধ্যাপক মাজেদ আলী বাবুল।

পরে বাণিজ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা কাউনিয়ায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।