কভিড-১৯ মহামারীর প্রভাব কাটিয়ে উঠছে পুরো বিশ্ব। সে সময় বিশ্বের বিভিন্ন কোম্পানি কর্মী নিয়োগ দিয়েছে। মহামারী-পরবর্তী সময়ে অনেক কোম্পানি বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করছে। গুগলও এ পথে হাঁটছে। এবার কর্মী নিয়োগদাতাদের গ্রুপেও ছাঁটাই করেছে বিশ্বের অন্যতম এ কোম্পানি। খবর দ্য স্ট্রেইটস  টাইমস।

নিয়োগ কার্যক্রম পরিচালনায় গুগলের তিন হাজার কর্মীর গ্রুপ ছিল। এর আগেও এ গ্রুপে ছাঁটাই হয়েছে বলে সূত্রে জানা গেছে। নতুন করে নেয়া এ ছাঁটাই উদ্যোগের মাধ্যমে একটি বিষয় নিশ্চিত হয় যে গুগল ও এর মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট গত বছর সিলিকন ভ্যালিতে ব্যয় কমানোর যে চল শুরু হয়েছে সে পথেই এগোবে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ দ্বিগুণ বাড়ালেও এতে কোনো পরিবর্তন আসবে না।

গুগল মেসেজিং বোর্ডের অভ্যন্তরীণ এজেন্ডা নিউইয়র্ক টাইমসের হাতে আসে। সেখানকার তথ্যানুযায়ী, ছাঁটাইয়ের বিষয়ে জানানোর জন্য নিয়োগদাতা ও সংশ্লিষ্টদের শেষ সময়ের একটি বৈঠকে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়। এক বিবৃতিতে গুগলের এক মুখপাত্র কোর্টনি মানচিনি বলেন, ‘রিক্রুটিং বা নিয়োগদাতাদের দল ছোট করার কঠোর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। আমরা আগেও জানিয়েছি, শীর্ষ পর্যায়ের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি খাতে দক্ষতা অর্জনে আমাদের বিনিয়োগ অব্যাহত থাকবে। পাশাপাশি সামগ্রিকভাবে নিয়োগ কার্যক্রমও কমানো হবে।’

নতুন এ ছাঁটাইয়ের হার খুব বেশি হবে না বলে গুগল সূত্রে জানা গেছে। তবে পর্যায়ক্রমে কোম্পানিটি অন্য অংশেও ছাঁটাই করবে। গুগলের প্রধান নির্বাহী সুন্দার পিচাই এক বছরেরও বেশি সময় ধরে খরচ কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে কর্মীদের উদ্বুদ্ধ করে আসছেন। জানুয়ারিতে অ্যামাজন ও মেটাকে অনুসরণ করে কোম্পানিটি ১২ হাজার কর্মসংস্থানের সুযোগ কমিয়েছিল।