এসকোয়্যার নিট কম্পোজিট পিএলসি গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর বৃদ্ধিতে শীর্ষে অবস্থান করছে। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৯২ শতাংশ। এ সময়ে কোম্পানিটির ৬ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, দৈনিক গড় হিসাবে যা ছিল ১ কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ১৮ ফেব্রুয়ারি এসকোয়্যার নিটের শেয়ারদর ছিল ২৩ টাকা ৫০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩১ টাকা ১০ পয়সা।
চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫১ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ২০ পয়সা।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে এসকোয়্যার নিটের সমন্বিত ইপিএস হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির রিজার্ভসহ পুনর্মূল্যায়িত শেয়ারপ্রতি সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৬ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৫ টাকা ২১ পয়সা।
কোম্পানিটির সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদি ‘ডাবল এ থ্রি’ ও স্বল্পমেয়াদি ‘এসটি-থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থান ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)।
সমাপ্ত ২০২২ হিসাব বছরে উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৬ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২০ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এসকোয়্যার নিট কম্পোজিটের পরিচালনা পর্ষদ। এর আগের ২০১৯-২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
২০১৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ১৩৪ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৩৭ কোটি ৩৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ৮৩৩। এর ৪৬ দশমিক ৯৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪০ দশমিক ৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।










