আন্তর্জাতিক বাজারে ধাতব ও তাপীয়—দুই গ্রেডের কয়লার দামই রেকর্ড উচ্চতায় অবস্থান করছে। এর মধ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে নিকট ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভাবনাই নেই। বাজারে এ অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন এশিয়ার ক্রেতারা। গত মাসে এ অঞ্চলে কয়লা আমদানি লক্ষণীয় মাত্রায় কমেছে।

সর্বাধিক দূষিত জ্বালানি হিসেবে বিবেচিত কয়লা। জ্বালানি পণ্যটির শীর্ষ ব্যবহারকারী অঞ্চল এশিয়া। এ অঞ্চলের বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশই কয়লার মাধ্যমে পূরণ হয়।

পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, ফেব্রুয়ারিতে সমুদ্রপথে এশিয়ার বাজারে কয়লা আমদানি কমে ৫ কোটি ৯২ লাখ ৭০ হাজার টনে নেমেছে। অথচ জানুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ৬ কোটি ১৯ লাখ ২০ হাজার টন।

রেফিনিটিভের দেয়া তথ্যানুযায়ী, ২০১৫ সালের পর এটিই এশিয়ার বাজারে সর্বনিম্ন মাসভিত্তিক আমদানি। এছাড়া গত বছরের ফেব্রুয়ারির তুলনায় আমদানি প্রায় ১৩ শতাংশ কমেছে। ওই সময় এশিয়ায় ৬ কোটি ৮১ লাখ ৫০ হাজার টন কয়লা আমদানি হয়েছিল।

বাজার বিশ্লেষকরা বলছেন, এবার উত্তর এশিয়ার দেশগুলোয় শীতের তীব্রতা ছিল অন্য যেকোনো সময়ের তুলনায় কম। এ কারণে কয়লার চাহিদা কিছুটা নিম্নমুখীই ছিল। তার ওপর বাজারদরে ঊর্ধ্বগতির কারণে ক্রেতারা কয়লা আমদানি কমিয়েছেন। অন্যদিকে ইন্দোনেশিয়ার কয়লা রফতানি বন্ধের প্রভাব জানুয়ারিতেও অব্যাহত ছিল। এ বিষয়গুলোই ফেব্রুয়ারিতে আমদানি কমে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে।

চীন এশিয়া এমনকি বিশ্বের শীর্ষ কয়লা আমদানিকারক দেশ। জ্বালানি পণ্যটি আমদানির ক্ষেত্রে শ্লথগতিতেই বছর শুরু করেছে দেশটি। ফেব্রুয়ারিতে চীনের কয়লা আমদানি জানুয়ারির তুলনায় কিছুটা বেড়ে ১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টনে উন্নীত হয়। জানুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ১ কোটি ১২ লাখ ৭০ হাজার টন। তবে দুুই মাসের সম্মিলিত আমদানি ছিল গত বছরের তুলনায় অনেক কম।

রেফিনিটিভ বলছে, বছরের প্রথম দুই মাসে চীন ২ কোটি ২৯ লাখ ২০ হাজার টন কয়লা আমদানি করে। ২০২১ সালের একই সময় আমদানির পরিমাণ ছিল ৪ কোটি ২৫ লাখ ৮০ হাজার টন। সে হিসাবে আমদানি ৪৬ দশমিক ২ শতাংশ কমেছে।

ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ কয়লা আমদানিকারক। ফেব্রুয়ারিতে দেশটি ১ কোটি ৯ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করে। অথচ জানুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ১ কোটি ১০ লাখ ৬০ হাজার টন।

শীর্ষ আমদানিকারক দেশগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা জাপান ফেব্রুয়ারিতে ১ কোটি ২৭ লাখ ১০ হাজার টন কয়লা আমদানি করে। জানুয়ারিতে হয়েছিল ১ কোটি ৫৬ লাখ ২০ হাজার টন। এছাড়া বছরের প্রথম দুই মাসেও আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ কমেছে।

ফেব্রুয়ারিতে চতুর্থ শীর্ষ আমদানিকারক দক্ষিণ কোরিয়া ৭৩ লাখ ৭০ হাজার টন কয়লা আমদানি করে। অথচ জানুয়ারিতে আমদানির পরিমাণ ছিল ১ কোটি ২ লাখ টন। যদিও বছরের প্রথম দুই মাসে দেশটির আমদানি ৪ শতাংশ বেড়েছে।