এ উপলক্ষে গতকাল কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর নূরুন নাহারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী। অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসএমই অ্যান্ড এসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ট্রাস্ট ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমগুলোর আওতায় বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই ক্লাস্টার উন্নয়নের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকা এবং এমএসএমই খাতের বিকাশে দেড় হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে। এসব স্কিমের আওতায় উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ স্কিমগুলোয় অংশগ্রহণের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক দেশের উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।










