অস্ট্রেলিয়ায় ২০২২-২৩ বিপণন মৌসুমে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছিল। তবে ২০২৩-২৪ মৌসুমে উৎপাদন কমার পূর্বাভাস মিলেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

এল নিনোর প্রভাবে দেশটিতে এরই মধ্যে কৃষিপণ্যের আবাদ ব্যাহত হচ্ছে। প্রত্যাশার চেয়ে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়ায় ২ কোটি ৯০ লাখ টন গম উৎপাদন হতে পারে। ২০২২-২৩ মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল রেকর্ড ৩ কোটি ৯৭ লাখ টন। সে হিসাবে উৎপাদন এক-চতুর্থাংশ কমতে পারে। এদিকে শস্যটির রফতানি কমে ২ কোটি ১০ লাখ টনে নামতে পারে। ২০২২-২৩ মৌসুমে রফতানির পরিমাণ ছিল রেকর্ড ৩ কোটি ১০ লাখ টন।

২০২২-২৩ মৌসুমে অস্ট্রেলিয়ায় রেকর্ড ১ কোটি ৪১ লাখ টন যব উৎপাদন হয়েছিল। নতুন মৌসুমে উৎপাদন এক কোটি টনে নামতে পারে। শস্যটির রফতানি ৭৫ লাখ টন থেকে কমে ৫৫ লাখ টনে নামার আশঙ্কা করছে ইউএসডিএ।

গত দুই বছর সরগাম (এক ধরনের শস্য) উৎপাদনও রেকর্ড স্পর্শ করেছিল। এ মৌসুমে শস্যটির উৎপাদনও কমার পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। এটির আবাদও লক্ষণীয় মাত্রায় কমার আশঙ্কা রয়েছে।