পেপসির নতুন লোগো উন্মোচন হলো সম্প্রতি। প্রায় ১৪ বছর পর বড় ধরনের পরিবর্তন এল ১২০টি দেশে পরিচিত এ কোমল পানীয়ের লুকে। পরিচিতির জন্য এবার কালো ও হালকা নীলের মিশ্রণ বেছে নিয়েছে বহুজাতিক পানীয় জায়ান্ট পেপসিকো। নতুন লুক তুলে ধরার জন্য পেপসি বেছে নিয়েছিল দুবাইকে। আইন দুবাই নামে পরিচিত বিশ্বের বৃহত্তম হুইল ঘিরে ছিল এ আয়োজন। আইন দুবাইয়ের অবস্থান ও প্রযুক্তিগত উন্নয়নের স্মারক হিসেবে লোগো উন্মোচনের স্থান হিসেবে বেছে নিয়েছে পেপসিকো। এ বিষয়ে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তা কারিম আল ফিকি বলেন, ‘পেপসি কীভাবে পরিবর্তনের মধ্য দিয়ে ব্র্যান্ডে নতুন প্রাণ আনতে যাচ্ছে, আমরা তাই দেখাতে চেয়েছি। নতুন এ অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হতে গ্রাহকদের আহ্বান করছি। প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে আমরা সবসময়ই একটি দাপুটে ব্র্যান্ড হিসেবে কাজ করেছি। জীবন উপভোগকেই আমরা সবার আগে রাখতে চাই।’ এদিকে উপসাগরীয় অঞ্চলে পেপসিকোর মার্কেটিং বিভাগের প্রধান মিরা মেধাত বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে পেপসি অনেক প্রিয়। অতুলনীয় স্বাদ ও ফ্লেভারের কারণে এটি ভোক্তাদের পছন্দ। নতুন লোগোর মাধ্যমে ফুটে উঠেছে পেপসির কালজয়ী চেতনা। উঠে এসেছে আমাদের দীর্ঘ যাত্রা ও ক্রমসঞ্চিত অভিজ্ঞতাকে। নতুনের প্রতি আমাদের যে প্রতিশ্রুতি ও গ্রাহকদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, তাই প্রতীকায়িত হয়েছে আইন দুবাইয়ের গায়ে।’ খবর অ্যারাবিয়ান বিজনেস।