চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবুল আহসান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ার হোসেন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং উইমেন অন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. ওবায়দুর রহমান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউনাইটেড ফাইন্যান্স দীর্ঘদিন ধরে এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উন্নয়নমূলক স্কিম বাস্তবায়নে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করে আসছে। দেশজুড়ে ২৩টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি সিএমএসএমই খাতে অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।










