যুক্তরাষ্ট্রে নিজেদের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে স্পেনের বৃহত্তম বহুজাতিক ব্যাংক সান্তান্দার। এরই মধ্যে ৩২০ জনকে ছাঁটাই করেছে ব্যাংকটি। ডিজিটাল পরিষেবায় আরো বেশি মনোযোগ দেয়ার অংশ হিসেবে কর্মশক্তি কমানো হয়েছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন।
ওই ব্যক্তি জানান, বাজারমূল্যের দিক থেকে ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটির বর্তমান কর্মশক্তি ১৩ হাজার ৪৮৯ জন। এর মধ্য থেকে প্রায় ২ দশমিক ৪ শতাংশ ছাঁটাই করেছে তারা।
সান্তান্দার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ঋণদাতারা মার্কিন ব্যবসার দিকে আগ্রহী হয়েছে। ফলে গ্রাহকের চাহিদা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ডিজিটাল সক্ষমতা ও সরলীকৃত প্রক্রিয়াগুলোয় বিনিয়োগ করা হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, এ পদক্ষেপগুলোর ফলে তাদের স্টাফিং মডেলে একটি ইতিবাচক পরিবর্তন ঘটেছে, যা তাদের বিভিন্ন শাখার সহমর্কীদের কিছু অংশকে প্রভাবিত করেছে।
ব্যাংকটির কর্মী ছাঁটাই প্রসঙ্গে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল ব্লুমবার্গ। সেখানে বলা হয়, চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে গ্রাহক ও বাণিজ্যিক ইউনিটগুলোয় সম্পূর্ণ ডিজিটাল প্লাটফর্ম চালু করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে সান্তান্দার।
মার্কিন বাজারে পঞ্চম বৃহত্তম হয়ে উঠেছে সান্তান্দার। ব্যাংকটি এখন যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ব্যাংকিং ব্যবসাকে দ্বিগুণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও মার্কিন বাজারে গত বছর মুনাফা কমেছে সান্তান্দারের। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে নিট মুনাফা ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৩ কোটি ২০ লাখ ইউরোয়।










