জিসিসি ও যুক্তরাজ্য তাদের বাণিজ্য সম্পর্ক বাড়ানোর দিকে চেষ্টা করছে। ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী ওমানের সালালায় জিসিসি-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে উচ্চ পর্যায়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন। যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী নাইজেল হাডলস্টন ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ উন্নয়নমন্ত্রী কাইস আল ইউসুফের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। আলোচনায় বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি, সবুজ হাইড্রোজেন এবং ওমানি-ব্রিটিশ স্ট্র্যাটেজিক পরামর্শ গ্রুপের কাজগুলো অন্তর্ভুক্ত ছিল। খবর দ্য ন্যাশনাল নিউজ।

মন্ত্রীরা জিসিসিভুক্ত দেশ ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেন। হাডলস্টন ওমানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন। বাণিজ্য চুক্তি উপসাগরীয় বাজারে ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য দরজা খুলে দিতে পারে। পাশাপাশি জিসিসি দেশগুলোর বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ দক্ষতা ব্যবহারের সুযোগ করে দেবে। যুক্তরাজ্য ও জিসিসির মধ্যে আলোচনা বাণিজ্যের পরিমাণে ১৬ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।

জিসিসি যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। ২০২২ সালে বাণিজ্য ৬ হাজার ৫২০ কোটি পাউন্ডে পৌঁছেছে। চুক্তিটি পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির অঙ্গীকারকে তুলে ধরে। জিসিসি দেশগুলোর বাজার এবং যুক্তরাজ্যের দক্ষতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয় হবে এখানে। একই সঙ্গে কাজ করার মাধ্যমে উভয় পক্ষ যথেষ্ট অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারবে।

যুক্তরাজ্য জিসিসির সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী। কারণ চুক্তিটি পারস্পরিক অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। যুক্তরাজ্যের অর্থনীতিতে বছরে কমপক্ষে ১৬০ কোটি পাউন্ড যোগ করতে পারবে জিসিসির সঙ্গে বাণিজ্য করার মাধ্যমে।