যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে ৫৭ কোটি ১৭ লাখ শর্ট টন (প্রতি শর্ট টনে ৯০৬ দশমিক ১৯ কেজি) কয়লা উত্তোলন হয়েছে। আগের বছরের তুলনায় উত্তোলন কমেছে ২ দশমিক ১ শতাংশ। তবে বছরের শেষ দিকে এসে উত্তোলনের গতি বাড়িয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ২৩ ডিসেম্বরে শেষ হওয়া সপ্তাহে দেশটিতে কয়লা উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময় উৎপাদন দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ শর্ট টনে, যা আগের সপ্তাহের তুলনায় ২ শতাংশ বেশি। খবর প্লাটস।

যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রধান কয়লা উত্তোলনকারী অঞ্চলগুলো আগের সপ্তাহের তুলনায় উত্তোলন বাড়িয়েছে। বিশেষ করে ওয়াইমিং ও মন্টানা নিয়ে গঠিত পাউডার রিভার অববাহিকায় (পিআরবি) সাপ্তাহিক কয়লা উত্তোলন বেড়েছে উল্লেখযোগ্য হারে। সবশেষ সপ্তাহে এখানে ৫২ লাখ শর্ট টন কয়লা উত্তোলন করা হয়েছে। অন্যদিকে পিআরবির কয়লা উত্তোলন সপ্তাহের হিসেবে ৩ দশমিক ২ এবং বছরওয়ারি হিসেবে ৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। ৫১তম সপ্তাহে পিআরবির কয়লা উত্তোলন দাঁড়িয়েছে ২৬ কোটি ১১ লাখ শর্ট টনে, যা ২০২২ সালের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ কম।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের প্লাটস সাপ্তাহিক মূল্য সমীক্ষায় দেখা যায়, পাউডার রিভার অববাহিকার ৯ হাজার ৪০০ বিটিইউ পাউন্ড রেল কয়লার মূল্য শর্ট টনপ্রতি ১৪ ডলার ৯৫ সেন্টে অপরিবর্তিত ছিল। উত্তর অ্যাপালাচিয়ায় (এনএপিপি) কয়লা উত্তোলন সপ্তাহের হিসাবে ১ দশমিক ৪ ও বছরওয়ারি ৭ দশমিক ৪ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ ১৭ লাখ শর্ট টন ছাড়িয়ে গেছে। এছাড়া এনএপিপির মোট কয়লা উত্তোলনের পরিমাণ ৮ কোটি ৬৭ লাখ শর্ট টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ১ শতাংশ কম।

কেন্দ্রীয় অ্যাপালাচিয়ায় (সিএপিপি) ১৫ লাখ শর্ট টন কয়লা উত্তোলন করা হয়েছে। আগের বছরের তুলনায় যা দশমিক ৪ শতাংশ কম। অন্যদিকে সিএপিপির উত্তোলন ২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৬ দশমিক ৪ শতাংশ বেশি ছিল। এ সময় সিএপিপির মোট উৎপাদন ছিল ৭ কোটি ৪৭ লাখ শর্ট টন, ২০২২ সালের তুলনায় যা ৮ দশমিক ৪ শতাংশ বেশি।

২৩ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে ইলিনয়েস বেসিনের (আইএলবি) কয়লা উৎপাদন ১ শতাংশ বেড়ে ১৫ লাখ শর্ট টনে উন্নীত হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আইএলবি ৭ কোটি ৭৬ লাখ শর্ট টন কয়লা উৎপাদন করেছে।