বিশ্বের সবচেয়ে বড় কফি রফতানিকারক দেশ ব্রাজিল। জুনে দেশটি বিশ্বজুড়ে ৬০ কেজির ২২ লাখ ৯০ হাজার ব্যাগ গ্রিন কফি রফতানি করেছে। সংখ্যাটা এক বছর আগের একই মাসের তুলনায় ১৯ শতাংশ কম। শিল্প গ্রুপ সেক্যাফে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বড় কফিশপগুলোতে খুব বেশি চাহিদার অ্যারাবিকা বিনসের রফতানি ২৩ দশমিক ৩ শতাংশ কমে ২০ লাখ ৬০ হাজার ব্যাগে নেমেছে। অন্যদিকে রোবাস্তা কফির রফতানি ৬০ দশমিক ৫ শতাংশ বেড়ে ২ লাখ ৩০ হাজার ৬৫৩ ব্যাগে দাঁড়িয়েছে। উচ্চ বেঞ্চমার্ক দামের সুযোগ নিয়েই কৃষকরা এখন সম্প্রতি চাষ করা শস্য বিক্রি করে দিচ্ছে।
সিক্যাফের প্রেসিডেন্ট মার্শিও ফেরেইরা বলেন, ‘ব্রাজিলিয়ান রোবাস্তা যারা চাষ করছে তাদের জন্য এখন ভালো সময়। তারা এখনই এ কফি রফতানির জন্য বিক্রি করতে পারে। কেননা নভেম্বরের দিকে রোবাস্তার সবচেয়ে বড় উৎপাদক ভিয়েতনামের কফি বাজারে আসবে। তার আগেই এগুলো বিক্রি করে না দিলে দামের চাপ তৈরি হবে।’
ফেরেইরা আরো বলেন, ‘স্থানীয় বাজারে অ্যারাবিকা কফির দাম তুলনামূলক কম, কারণ এ কফি চাষাবাদের সময় কম। তাই স্থানীয় প্রসেসররা ব্লেন্ড পরিবর্তন করে বেশি অ্যারাবিকা আর কম রোবাস্তা যুক্ত করছে।’
এ কর্মকর্তা আরো জানান, কিছু রোস্ট ও গ্রাউন্ড কফি কোম্পানি কয়েক মাস আগেও কফি ব্লেন্ড তৈরির জন্য ৮০ শতাংশ রোবাস্তা কফি ব্যবহার করত। সেখানে ২০ শতাংশ ব্যবহার করা হতো অ্যারাবিকা। এখন সে পরিসংখ্যান বদলে ৫০-৫০ শতাংশে দাঁড়াচ্ছে।










