বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) চাহিদা বৃদ্ধির ফলে ইউরোপে গাড়ি বিক্রয় মে মাসেও ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখেছে। এ নিয়ে টানা দশম মাসে গাড়ি বিক্রয় বাড়ল অঞ্চলটিতে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, নতুন গাড়ির নিবন্ধনের হার ১৮ শতাংশ বেড়ে ১১ লাখ ২০ হাজার হয়েছে। ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি বিক্রি গত মাসে ৬৬ শতাংশ বেড়েছে, কারণ নির্মাতারা প্রয়োজনীয় উপকরণের উন্নত সরবরাহ থেকে উপকৃত হয়েছেন। যদিও কিছু অঞ্চলে এখনো উপকরণ ঘাটতি বিদ্যমান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্বাভাবিকভাবেই গাড়ি বিক্রিতে নেতৃত্ব দিচ্ছে ইভি নির্মাতা জায়ান্ট টেসলা। বড় ধরনের মূল্যহ্রাসের কারণে বছরের প্রথম পাঁচ মাসে বিক্রয় দ্বিগুণেরও বেশি হয়েছে তাদের। বৈশ্বিক বাজার গবেষণা সংস্থা জাটো ডায়নামিকসের বিশ্লেষক ফেলিপ মুনোজের মতে, এসএআইসি মোটর করপোরেশনের ব্র্যান্ড এমজিসহ অন্যান্য প্লাগ-ইন গাড়িগুলোও ক্রেতাদের কাছে জনপ্রিয়। এ সম্পর্কে তিনি বলেন, ‘ভোক্তারা গাড়ি নির্মাতা দুই প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতামূলক মূল্য অফার ও ডিলগুলোর বিপরীতে ভালো সাড়া দিচ্ছেন। সরবরাহ চেইন সম্পর্কিত সমস্যা অবশেষে সহজ হতে শুরু হওয়ার পর নির্মাতারা যানবাহন তৈরির পরিমাণ বাড়িয়েছেন।’
শীতের সময় পরিবারগুলো খাদ্য, পানীয় ও পোশাকের মতো পণ্য ক্রয় কমিয়ে দিলে সংকুচিত হবে জার্মানির অর্থনীতি। শীতকালীন সংকোচন, পরিবারগুলোর ব্যয় হ্রাস, রাসায়নিক উৎপাদন মন্থরতার কারণে জার্মানির অর্থনীতি বড় ধরনের সংকোচনের সময়কাল নির্দেশ করে।
বছরের প্রথম পাঁচ মাসে নিবন্ধিত নতুন গাড়ির মধ্যে প্রায় ১৪ শতাংশই ব্যাটারিচালিত ইলেকট্রিক গাড়ি। এ ধরনের যানবাহনের বিক্রয় ৪০ শতাংশ বেড়ে ৭ লাখ ৩০ হাজার ইউনিটে পৌঁছেছে।
প্রধান বাজারগুলোর মধ্যে রয়েছে ইতালি ও জার্মানি। যথাক্রমে ২৩ ও ১৯ শতাংশ লাভের সঙ্গে মে মাসে সব ধরনের যানবাহনের সামগ্রিক বিক্রি বেড়েছে।










