দালিয়ান ওয়ান্ডা গ্রুপের একটি ইউনিটের কিছু শেয়ার বিক্রি করবে চীনা প্রপার্টি ডেভেলপার কান্ট্রি গার্ডেন। কান্ট্রি গার্ডেন এমন এক সময়ে এ চুক্তি করছে যখন প্রতিষ্ঠানটি গুরুতরভাবে অর্থনৈতিক চাপে রয়েছে। খবর নিক্কেই এশিয়া।

কান্ট্রি গার্ডেনের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক প্রতিষ্ঠান ঝুহাই ওয়ান্ডা কমার্শিয়াল ম্যানেজমেন্ট গ্রুপের ১ দশমিক ৭৯ শতাংশ শেয়ার বিক্রি করবে গোল্ড ইজ গ্লোবাল। ক্রেতা ঝুহাই ওয়ানিং এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট হচ্ছে ওয়ান্ডা গ্রুপের একটি কোম্পানি। ঝুহাই ওয়ান্ডার একটি প্রধান শেয়ারহোল্ডার হচ্ছে ওয়ান্ডা গ্রুপ।

ঝুহাই ওয়ান্ডা চীনজুড়ে ২২৭টি শহরে ৪৯৪টি শপিং মল পরিচালনা করে। এর মধ্যে ২৯০টি শপিং মল দালিয়ান ওয়ান্ডার মালিকানাধীন এবং ২০৪টি অন্যদের মালিকানাধীন।

বিক্রয় মূল্য ৪৩ হাজার ২০০ কোটি ডলার। এটি তিন কিস্তিতে পরিশোধ করা হবে। প্রথম দুটি কিস্তি দেয়া হবে ইউয়ানে। বাকি ৮০ শতাংশ আগামী মার্চের মধ্যে ডলারে দেয়া হবে।

অক্টোবরে কান্ট্রি গার্ডেন অফশোর বন্ডে ১ হাজার ১০০ কোটি ডলার খেলাপি হয়েছে বলে মনে করা হয়েছিল।

কান্ট্রি গার্ডেনের প্রেসিডেন্ট মো বিন জানান, ঝুহাই ওয়ান্ডা বিক্রির অর্থ অফশোর ঋণ পুনর্গঠনে ব্যবহার করা হবে। কারণ কোম্পানিটি পর্যায়ক্রমে তারল্য সংকটের মুখোমুখি হয়েছে। তবে বিক্রয় মূল্য ২০২১ সালে অংশীদারত্বের জন্য কান্ট্রি গার্ডেন যে অর্থ প্রদান করেছিল তার চেয়ে কম। তাই বিক্রিতে প্রায় ১৬ কোটি ইউয়ান লোকসান করবে প্রতিষ্ঠানটি।

মো বিন আরো জানান, অপেক্ষা না করে এখনই ক্ষতিটা মেনে নেয়া ভালো। না হলে পরে আরো বড় ক্ষতির সম্মুখীন হতে হবে।

দালিয়ান ওয়ান্ডা হংকংয়ের একটি বিনিয়োগ সংস্থা পিএজির সঙ্গে চুক্তি করার কয়েক দিন পর এ ওয়ান্ডা চুক্তিটির খবর এসেছে। চুক্তিটির কারণে দালিয়ান ওয়ান্ডাকে পূর্ববর্তী ঝুহাই ওয়ান্ডা বিনিয়োগকারীদের অর্থ প্রদানে বিলম্ব করার সুযোগ করে দেয়। এ বিনিয়োগকারীরা এখন তাদের সামগ্রিক জুহাই ওয়ান্ডার অংশীদারত্ব ৬০ শতাংশ বাড়াবেন। এর অর্থ দালিয়ান ওয়ান্ডা সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ হারাবে।

দালিয়ান ওয়ান্ডা মূলত হংকং স্টক এক্সচেঞ্জে ঝুহাই ওয়ান্ডাকে তালিকাভুক্ত করে তহবিল সংগ্রহের পরিকল্পনা করছিল। কিন্তু তা এখনো অনুমোদন হয়নি।