নির্ধারিত ডেট শেষে আজ সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে। এর আগে গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছিল কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ৩১ মার্চ দুপুর ১২টায় রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। সভায় বিনিয়োগকারীরা ডিজিটাল প্লাটফর্মেও অংশ নিতে পারবেন। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল।
আলোচ্য হিসাব বছরে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সেনা কল্যাণে ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে ছিল ২০ টাকা ১৭ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ৯৯ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৩ পয়সা। ২০২১ সাল শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৬ টাকা ৯৯ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৯ পয়সা।










