ঘানায় বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) বিক্রির জন্য স্থানীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভিনফাস্ট। এর মাধ্যমে চতুর্থ মহাদেশ হিসেবে আফ্রিকায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে ভিয়েতনামের এ অটোমেকার। খবর নিক্কেই এশিয়া।

ভিয়েতনামের প্রথম বিলিয়নেয়ার ফাম নাট ভুওং মালিকানাধীন প্রতিষ্ঠান ভিনফাস্ট। এ গাড়ি প্রস্তুতকারক জানিয়েছে, সম্প্রতি জসপং গ্রুপের সঙ্গে ভিনফাস্টের চুক্তি হয়েছে। এর আওতায় ঘানা ও পশ্চিম আফ্রিকার বাজারে ইভি, ই-স্কুটার, ই-বাইক ও ই-বাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ভিনফাস্ট বছরের শেষ নাগাদ ৫০টি বাজারে ইভি নিয়ে হাজির হতে চায়। সে লক্ষ্য অর্জনের পথে ফেব্রুয়ারিতে ছয়টি দেশে চুক্তি করেছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) তথ্যানুসারে, আফ্রিকায় ইভির বাজার আকারে ছোট। এ অঞ্চলে বর্তমানে সামনের সারিতে রয়েছে হুন্দাই, নিশান ও পোরশে। দাম, চার্জিং স্টেশন ও মেরামতের ক্ষেত্রে কারিগরি দক্ষতা এখানকার প্রধান সমস্যা বলে গত বছরের এক প্রতিবেদনে সংস্থাটি জানায়।

ভিনফাস্ট জানিয়েছে, আফ্রিকা ঘিরে তাদের কৌশল হলো বৈচিত্র্যপূর্ণ গাড়ি নিয়ে হাজির হওয়া। বর্তমান লাইনআপের মধ্যে রয়েছে ট্রাক, মিনিকার ও আট মডেলের মোটরবাইক। এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লে থি থু থুই বলেন, ‘আমাদের মতো এত বড় পরিসরে আফ্রিকায় অন্য কোনো প্রতিষ্ঠান প্রবেশ করেছে কিনা জানা নেই।’ 

ছয় মডেলের স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) রয়েছে ভিনফাস্টের। এগুলোর দাম ১৯ হাজার ৫০০ ডলার থেকে ৭৯ হাজার ৮০০ ডলার পর্যন্ত। তবে ঘানায় কবে ইভি বিক্রি শুরু হবে তা জানায়নি সংস্থাটি।

ঘানার এনার্জি কমিশনের এক জরিপ অনুসারে, দেশটির সড়কে থাকা বেশির ভাগ ইভি তৈরি হয়েছে চীনে। ঘানার ৫৩ দশমিক ৬ শতাংশ ক্রেতা ইভির প্রতি আগ্রহী। তবে ৫৪ শতাংশ ক্রেতাই গাড়ির জন্য ২০ হাজার ডলারের বেশি খরচ করতে ইচ্ছুক নন।

কোবাল্ট ও তামার মতো ব্যাটারি উপকরণের জন্য ঘানার গুরুত্ব রয়েছে বৈশ্বিক সরবরাহ চেইনে। ভিনফাস্টের মতে, ইভির বাজার সম্প্রসারণে প্রবৃদ্ধির সম্ভাবনা আছে এমন বাজারগুলো বেছে নিচ্ছে তারা।

উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বাজারে এরই মধ্যে পরিচিতি পেয়েছে ভিনফাস্ট। সম্প্রতি মধ্যপ্রাচ্যের প্রথম দেশে হিসেবে ওমানে চুক্তি সম্পন্ন হয়েছে। 

ভিনফাস্টের সম্প্রসারণ পরিকল্পনাকে কোম্পানিটির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অটো গবেষক ও রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মার্টিন শ্রোডা। তিনি বলেন, ‘‌সাম্প্রতিক পদক্ষেপগুলোর মাধ্যমে ভিনফাস্ট মাঝারি থেকে দীর্ঘমেয়াদে উপকারী হতে পারে।’

আফ্রিকার ক্রেতাদের আর্থিক সামর্থ্য নিয়েও মন্তব্য করেছেন মার্টিন শ্রোডা। তার মতে, পশ্চিম আফ্রিকায় ভিনফাস্টের অনেক উচ্চমূল্যের প্রিমিয়াম গাড়ি বিক্রির সম্ভাবনা নেই।

ভিনফাস্ট ভিয়েতনামের সবচেয়ে বড় কনগ্লোমারেট ভিনগ্রুপের একটি প্রতিষ্ঠান। এ গ্রুপের অধীনে আবাসন, হোটেল, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। গত বছর ভিনফাস্ট বৈশ্বিকভাবে ৩৪ হাজার ৮৫৫টি ইভি সরবরাহ করেছে, যার মধ্যে ৭২ শতাংশই ট্যাক্সি।