একই সঙ্গে এসএমই কারখানার বাস্তবতা ও শিল্পবান্ধব সমাধানের দাবি জানিয়েছেন বিজিএমইএ নেতারা।
গতকাল রাজধানীর শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিকের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী এবং ডাইফের যুগ্ম মহাপরিদর্শক মো. মতিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বিজিএমইএ নেতারা নবনিযুক্ত মহাপরিদর্শককে শুভেচ্ছা জানান এবং শিল্প খাতের উন্নয়ন ও শ্রমবান্ধব পরিবেশ নিশ্চিতে তার সফলতা কামনা করেন।
মতবিনিময়কালে ইনামুল হক খান বলেন, ‘বিজিএমইএ সবসময় কলকারখানা আইন ও নিরাপত্তা নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল। আরএসসি, নিরাপন, এনএপি ও অন্যান্য কমপ্লায়েন্স কাঠামোর সঙ্গে সমন্বয় রেখে শিল্প টিকিয়ে রাখার মতো বাস্তবসম্মত সমাধান প্রয়োজন।’
সভায় বিজিএমইএ সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, ‘ডাইফের তত্ত্বাবধানে এনএপি মনিটরিংয়ের আওতাভুক্ত প্রায় ১ হাজার ৫০০ কারখানার মধ্যে বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে আনুমানিক ৩০০ কারখানা চালু রয়েছে। শতভাগ কারেকটিভ অ্যাকশন প্ল্যান (সিএপি) বাস্তবায়নের শর্তে লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘যেসব কারখানা গত বছর লাইসেন্স নবায়ন পেয়েছে এবং রেমেডিয়েশন ও কমপ্লায়েন্স উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেসব কারখানাকে বাস্তবতা বিবেচনায় চলতি বছর শর্তসাপেক্ষে লাইসেন্স নবায়নের সুযোগ দেয়া প্রয়োজন।’
সভায় বিজিএমইএ নেতারা জানান, সম্প্রতি শ্রম আইন সংশোধনের মাধ্যমে কারখানা লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছরের পরিবর্তে পাঁচ বছর করা হলেও মাঠ পর্যায়ে এখনো এক বছরের বেশি নবায়ন করা হচ্ছে না।
এ বিষয়ে মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক বলেন, ‘বিষয়টি নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় ফি ও প্রক্রিয়াগত বিষয় চূড়ান্ত হলে পাঁচ বছরের নবায়ন কার্যকর করা হবে।’ তিনি আরো বলেন, ‘যেসব কারখানার গত বছর লাইসেন্স নবায়ন হয়েছে। সেসব কারখানার নবায়নের বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।’
আলোচনায় জানানো হয়, বর্তমান সরকার যেখানে বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে, সেখানে বিদ্যমান শিল্প-কারখানাগুলো সচল রাখতে সর্বোচ্চ সহযোগিতা দেবে ডাইফে। এছাড়া শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অধিদপ্তরের পরিদর্শকদের গাইডলাইনভিত্তিক ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ডাইফের মহাপরিদর্শক।










