১২ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) থেকে পদত্যাগ করছেন থমাস জর্ডান। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ পদে এত দীর্ঘ সময় প্রধানের দায়িত্ব পালনের রেকর্ডটি তার। খবর ইউরোনিউজ।
সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, আগামী সেপ্টেম্বরে এসএনবির চেয়ারম্যান হিসেবে নিজের দায়িত্ব হস্তান্তর করবেন ৬১ বছর বয়সী থমাস জর্ডান। অপ্রচলিত আর্থিক নীতি গ্রহণের জন্য পরিচিত এ অর্থনীতিবিদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। অর্থাৎ পূর্ব নির্ধারিত সময়ের তিন বছর আগে দায়িত্ব ছাড়ছেন তিনি। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
এসএনবিতে থমাস জর্ডানের ক্যারিয়ার ২৭ বছরের। ১৯৯৭ সালে তিনি এ প্রতিষ্ঠানে যোগ দেন। এর ১৫ বছর পর ২০১২ সালে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে দেশটির বেশকিছু অর্থনৈতিক গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে নেতৃত্ব দিতে হয়েছে। এমনকি তার বিদায়ের মুহূর্তেও সুইজারল্যান্ড আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।
থমাস জর্ডানের দায়িত্ব পালনকালে ইউরোজোনের ঋণ সংকটের প্রভাব পড়ে সুইজারল্যান্ডে। তবে ওই সংকট ভালোভাবেই সামলে নেন তিনি। সে সময় ইউরোপের বেশ কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠান ভেঙে পড়ে। ২০১৫ সালের জানুয়ারিতে সুইস ফ্রাঙ্কের ওপর থেকে বিনিময় হারের সীমা তিনি তুলে দেন। এ কারণেই মুদ্রাটি ইউরোর বিপরীতে কয়েক বছর দৃঢ় অবস্থানে ছিল।
সাম্প্রতিককালে সুইজারল্যান্ডের মূল্যস্ফীতির লাগাম টানতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন থমাস জর্ডান। তবে ক্রেডিট সুইস ব্যাংক সংকটে বিলম্বিত প্রতিক্রিয়ার জন্য সমালোচিত হন তিনি। পরে ক্রেডিট সুইস ব্যাংক অধিগ্রহণ করে ইউবিএস। ওই সময় জরুরি তারল্য সংকট মোকাবেলার জন্য বিলিয়ন ফ্রাঙ্ক সাহায্য দেয় এসএনবি।
এখন প্রশ্ন হলো, সুইস কেন্দ্রীয় ব্যাংকে থমাস জর্ডানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কে? তবে সাম্প্রতিক বিবৃতিতে এ বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ৪৭ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট মার্টিন শ্লেগেল এ পদে আসতে পারেন।










