মার্কিন দুই চেইন সুপারমার্কেট ক্রোগার ও অ্যালবার্টসন্সের মধ্যে একীভূতকরণ প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলার মূল্যের এ চুক্তি বন্ধ করতে মামলা করেছে কমিশন। এফটিসির অভিযোগ, মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় সুপারমার্কেট একীভূতকরণের এ প্রক্রিয়ার নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে অর্থনীতিতে। এর কারণে পণ্যের উচ্চ মূল্যের পাশাপাশি একাধিক দোকান বন্ধ হয়ে যাবে এবং বেকারত্বের হার বাড়তে পারে। খবর সিএনএন।
২০২২ সালে ক্রোগার ও অ্যালবার্টসন্স একীভূতকরণের ঘোষণা দেয়, তারা যথাক্রমে যুক্তরাষ্ট্রের পঞ্চম ও দশম বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। কোম্পানি দুটির অধীনে রয়েছে সেফওয়ে, ভনস, হ্যারিস টেটার ও ফ্রেড মেয়ারের মতো ডজনখানেক চেইনশপ।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের দাম যখন আকাশ ছুঁয়েছে এমন সময়ে এ একীভূতকরণের ঘোষণা এসেছে। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের জনগণ ২০২০ সালের তুলনায় মুদি পণ্যের জন্য ২৬ শতাংশ বেশি অর্থ ব্যয় করছে। গত ৩০ বছরের মধ্যে আয়ের সর্বোচ্চ অংশ ব্যয় করতে হচ্ছে খাদ্যপণ্য ক্রয় বাবদ।
একীভূতকরণ প্রক্রিয়ার বিরোধিতা করে এফটিসি এক বিবৃতিতে জানায়, দুই প্রতিষ্ঠান এক হলে মুদি পণ্য বিক্রির ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে না। এতে খাদ্যপণ্যের দাম আরো বেড়ে যাবে।
অবশ্য চুক্তির পক্ষে ভিন্ন যুক্তি দিচ্ছে ক্রোগার ও অ্যালবার্টসন্স। দুই প্রতিষ্ঠানই ইউনিয়নভিত্তিক কর্মী নিয়োগ দিয়ে থাকে। তারা বলছে, ওয়ালমার্ট, অ্যামাজন ও কস্টকোর মতো জায়ান্টদের নিয়োগ প্রক্রিয়া ইউনিয়নভিত্তিক নয়। এছাড়া মার্কিন মুদি বাজারে জার্মান ডিসকাউন্ট সুপারমার্কেট চেইন আলদির হিস্যা দ্রুত বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে একীভূতকরণ ক্রোগার ও অ্যালবার্টসন্সের টিকে থাকার জন্য দরকারি। চুক্তি বিষয়ে ঘোষণার সময় ক্রোগারের সিইও রডনি ম্যাকমুলেন জানান, বাজারে এসব জায়ান্টের সঙ্গে আরো প্রতিযোগিতা করতে একত্র হতে চায় ক্রোগার ও অ্যালবার্টসন্স।
সুপারমার্কেট জায়ান্ট দুটির মিলিত কর্মীর পরিমাণ ৭ লাখ ১০ হাজার। তাদের পাঁচ হাজার স্টোরে বার্ষিক পণ্য বিক্রি হয় ২০ হাজার কোটি ডলারের। কোম্পানি দুটি বলছে, একীভূতকরণ চুক্তির মাধ্যমে পণ্যের দাম কমানোর পাশাপাশি ৫০ কোটি ডলার সাশ্রয়ের পরিকল্পনা রয়েছে। কিন্তু এফটিসি তাদের এ দাবির ব্যাপারে সন্দিহান। এফটিসির প্রতিযোগিতাবিষয়ক ব্যুরোর পরিচালক হেনরি লিউ বলেন, ‘মুদি পণ্যের দাম বাড়ার পেছনে সুপারমার্কেট একীভূতকরণের ভূমিকা রয়েছে। ক্রোগারের অ্যালবার্টসন্স অধিগ্রহণের ফলে দৈনন্দিন জিনিসপত্রের দাম অতিরিক্ত বৃদ্ধি পাবে।’
এ একীভূতকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে মার্কিন রাজনৈতিক মহলগুলোও সচেতন। এরই মধ্যে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষ থেকে বিরোধিতা এসেছে। কারণ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পণ্য মূল্য গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে।
তবে এফটিসির সিদ্ধান্তের সমালোচনা করেছে ক্রোগার ও অ্যালবার্টসন্স। ক্রোগারের একজন মুখপাত্র বলেছেন, ‘বাণিজ্য কমিশনের এ পদক্ষেপ আসলে মার্কিন জনগণ ও কর্মীদের ক্ষতিই করবে। এতে বড় কোম্পানিগুলো তাদের অপ্রতিরোধ্য ও ক্রমবর্ধমান আধিপত্যকে আরো বাড়িয়ে তুলবে।’
ক্রোগার জানিয়েছে, এফটিসির সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে।
ওহাইওভিত্তিক ক্রোগার যুক্তরাষ্ট্রের ৩৫টি অঙ্গরাজ্যে ২ হাজার ৭৫০টির বেশি স্টোর পরিচালনা করে। তাদের অধীনে রয়েছে রাল্ফস, স্মিথস ও হ্যারিস টেটারের মতো ব্র্যান্ড শপ। অন্যদিকে আইডাহোভিত্তিক অ্যালবার্টসন্স ৩৪টি মার্কিন অঙ্গরাজ্যে ২ হাজার ২৭৩টি স্টোর পরিচালনা করে। তাদের অধীনে রয়েছে সেফওয়ে, জুয়েল ওস্কো ও শসের মতো ব্র্যান্ড।










