অর্থনৈতিক অগ্রযাত্রার মাধ্যমে দেশকে আধুনিক, সুখী-সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে হলে শিল্প-কারখানা, আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেটি নিশ্চিত করা না গেলে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হবে।

ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত অগ্নিনিরাপত্তা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন। গতকাল রাজধানীতে ইসাব কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয়তা মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।