নিয়োগ বিভাগ থেকে ২০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে উবার টেকনোলজিস। প্রাতিষ্ঠানিক খরচ কমিয়ে আনা ও আয় বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে রাইডশেয়ারিং প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, উবারের বৈশ্বিক কর্মী সংখ্যা ৩২ হাজার ৭০০। সে হিসাবে ছাঁটাই করা কর্মী ১ শতাংশেরও কম। চলতি বছরের প্রথম দিকে মাল বহনকারী পরিষেবা থেকে ১৫০ কর্মী ছাঁটাই করে। এবার উবারের রিক্রুটমেন্ট বা নিয়োগ বিভাগের ৩৫ শতাংশ কর্মী ছাঁটাই হচ্ছে।

২০২০ সালের মাঝামাঝিতে করোনা মহামারীর শুরুর দিনগুলোয় ১৭ শতাংশ কর্মী ছাঁটাই করেছিল উবার। তবে ছাঁটাইয়ের সংখ্যাটি বাজারে প্রধান প্রতিযোগী প্রতিষ্ঠান লিফটের তুলনায় কম। লিফটের সিইও ডেভিড রিশারের অধীনে ২৬ শতাংশ বা ৭০০ জন কর্মী ছাঁটাই করা হয় গত বছরের এপ্রিলে। উবারের প্রতিযোগী হিসেবে বাজার ধরে রাখতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে উবারের আয় ছিল প্রত্যাশার চেয়ে কম। মে মাসে আয় বাড়ানোর লক্ষ্যমাত্রা ঘোষণা দেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।