শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টার দাম বেড়ে দুই সপ্তাহের সর্বোচ্চে। অন্যদিকে টানা তৃতীয় দিনের মতো বেড়েছে গমের বাজারদর। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে তীব্র শুষ্ক আবহাওয়ায় এসব শস্যের বাজার ঊর্ধ্বমুখী। খবর নাসডাক।

সিবিওটিতে গতকাল ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম দশমিক ৭ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ১৭ সেন্টে। কার্যদিবসের শুরুর সেশনে শস্যটির দাম ৫ ডলার ২৩ সেন্টে উঠে এসেছিল, যা ৩০ জুনের পর সর্বোচ্চ।

কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে রাশিয়া চুক্তিটি থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছে। ফলে গম সরবরাহ আরো বাড়বে। অন্যান্য শস্যের বাজারও ঝুঁকির মুখে পড়তে পারে।

সিবিওটিতে গতকাল গমের দাম দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য দাঁড়িয়েছে ৬ ডলার ৬৭ সেন্টে। কার্যদিবসের শুরুর দিকে এটির দাম ৬ ডলার ৭১ সেন্টে উঠে গিয়েছিল, যা ৬ জুলাইয়ের পর সর্বোচ্চ। সয়াবিনের দাম দশমিক ৮ শতাংশ বেড়ে ১৩ ডলার ৮১ সেন্টে পৌঁছেছে।