এনএফএল বা ইংলিশ প্রিমিয়ার লিগের মতো পুরুষদের নামি দলগুলোর মালিকানা কেনা এখন আকাশচুম্বী মূল্যের কারণে সাধারণ বিনিয়োগকারীদের নাগালের বাইরে। ফলে নারীদের দলগুলোয় বিনিয়োগ করে দ্রুত মুনাফার বড় সুযোগ দেখছেন সম্পদশালী বিনিয়োগকারীরা। কম মূল্যে দল কিনে দীর্ঘমেয়াদে বড় রিটার্ন পাওয়ার এ সম্ভাবনাকেই এখন ‘স্মার্ট মানির’ প্রধান লক্ষ্য বলা হচ্ছে। খবর রয়টার্স।

পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নারীদের ক্রীড়া বাজার প্রতি বছর প্রায় ১৬ শতাংশ হারে বাড়ছে, যা পুরুষদের তুলনায় তিন গুণ দ্রুত। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে খাতটি থেকে বার্ষিক আয় ২৫০ কোটি ডলারে পৌঁছাবে। ইন্ডিয়ানা ফিভারের ক্যাটলিন ক্লার্কের মতো মহাতারকাদের উত্থান এ বাজারে নতুন প্রাণ সঞ্চার করেছে, যা উচ্চ-নিট-সম্পদধারী বিনিয়োগকারীদের প্রবলভাবে আকর্ষণ করছে।

অ্যারিয়েল ইনভেস্টমেন্টসের পার্টনার এবং এনএফএলের সাবেক নির্বাহী জেসন রাইট বলেন, নারীদের ক্রীড়া দলের মূল্যায়ন অত্যন্ত দ্রুত বাড়ছে এবং এখানে আরো উন্নতির বিশাল সুযোগ রয়েছে। তার প্রতিষ্ঠান সম্প্রতি এনডব্লিউএসএলের দল ডেনভার সামিটে বিনিয়োগ করেছে বলে জানান তিনি।

বিনিয়োগের এ চাহিদার প্রতিফলন দেখা যাচ্ছে লিগগুলোর দল অন্তর্ভুক্তির ফির দিকে তাকালে। ২০২০ সালে লস অ্যাঞ্জেলেসের ‘এঞ্জেল সিটি এফসি’ চালু করতে ফি দিতে হয়েছিল মাত্র ২ মিলিয়ন বা ২০ লাখ ডলার।

বিনিয়োগ প্লাটফর্ম পিচ১-এর প্রধান নির্বাহী টমি নর্ডাম জেনসেনের মতে, সঠিক বিনিয়োগ থেকে আগামী ৫-১০ বছরে দুই-পাঁচ গুণ পর্যন্ত মুনাফা অর্জন করা সম্ভব, যা পুরুষদের প্রতিষ্ঠিত লিগগুলোয় এখন বিরল।

নারী ক্রীড়াঙ্গনের এ জোয়ারে বড় ভূমিকা রাখছে মিডিয়া স্বত্ব। ডব্লিউএনবিএ সম্প্রতি ২০ কোটি ডলারের একটি ১১ বছর মেয়াদি সম্প্রচার চুক্তি করেছে, যা আগের তুলনায় তিন গুণেরও বেশি।

একইভাবে এনডব্লিউএসএলের বার্ষিক মিডিয়া স্বত্ব এখন ৬০ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে পুরুষদের তুলনায় নারী দলগুলোর মূল্যায়নে এখনো বিশাল ফারাক বিদ্যমান। যেখানে একটি এনবিএ ফ্র্যাঞ্চাইজির গড় মূল্য ৫৫০ কোটি ডলার, সেখানে একটি ডব্লিউএনবিএ দলের গড় মূল্য ২৬ কোটি ডলার। এমনকি বিশ্বের সবচেয়ে দামি নারী ফ্র্যাঞ্চাইজি ‘গোল্ডেন স্টেট ভ্যালকিরিজের’ মূল্য ৫০ কোটি ডলার হলেও তা ডালাস কাউবয়েজের ১ হাজার ২৮০ কোটি ডলারের তুলনায় নগণ্য। এ বিশাল ব্যবধানই বিনিয়োগকারীদের জন্য বড় মুনাফার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।