চীনের আকরিক লোহা আমদানিতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। গত মাসে ধাতুটির আমদানি জুলাইয়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পায়। যদিও বেইজিং ইস্পাত উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপ করায় চাহিদায় মন্দা দেখা দিয়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এ তথ্য জানিয়েছে।

চীন বিশ্বের শীর্ষ আকরিক লোহা ব্যবহারকারী দেশ। আগস্টে দেশটি বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টন আকরিক লোহা ক্রয় করে। জুলাইয়ে ক্রয়ের পরিমাণ ছিল ৮ কোটি ৮৫ লাখ ১০ হাজার টন। সে হিসাবে আমদানি ১০ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে গত বছরের আগস্টের তুলনায় আমদানি ২ দশমিক ৯ শতাংশ হ্রাস পেয়েছে বলে জানায় জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস।

এদিকে বছরের প্রথম আট মাসে চীন সব মিলিয়ে ৭৪ কোটি ৬০ লাখ টন আকরিক লোহা আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ১ দশমিক ৭ শতাংশ কমেছে।

চীন সম্প্রতি কার্বন নিঃসরণ হ্রাস কর্মসূচির অংশ হিসেবে ইস্পাত উৎপাদনে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফলে আকরিক লোহার ব্যবহার কমে গেছে। বন্দরগুলোতে বাড়ছে ধাতুটির মজুদ।

এদিকে উৎপাদন কমিয়ে আনায় চীনের ইস্পাত রফতানিতে ধস নেমেছে। আগস্টে রফতানি এর আগের মাসের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ কমে ৫০ লাখ ৫০ হাজার টনে নেমেছে।