ফিউচার মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমে ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। ঊর্ধ্বমুখী সরবরাহ, কভিড-১৯ প্রতিরোধে প্রধান ক্রেতা দেশ চীনে লকডাউন এবং প্রতিদ্বন্দ্বী সয়াবিন তেলের দাম কমে যাওয়ার কারণেই বাজার আদর্শটি নিম্নমুখী হয়ে উঠেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ৯৩ সেন্ট বা ২ দশমিক ৪৫ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৪ রিঙ্গিত বা ৮২৩ ডলার ১১ সেন্টে, যা ২৫ জুলাইয়ের পর সর্বনিম্ন দাম।
বাজার গবেষণা প্রতিষ্ঠান রেফিনিটিভ জানায়, আগস্টে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়েছে। পাশাপাশি মৌসুমি উৎপাদনও বাড়তি। ইন্দোনেশিয়ায়ও উৎপাদন ও সরবরাহ বেড়েছে। এ কারণে নিম্নমুখী চাপে পড়েছে পাম অয়েলের বাজার।
এদিকে ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিন তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমেছে। শিকাগো বোর্ড অব ট্রেডের কমেছে ১ শতাংশ। বিষয়টি দাম কমাতে সহায়তা করেছে। ডালিয়ান এক্সচেঞ্জে পাম অয়েলের দাম কমেছে ২ দশমিক ৮ শতাংশ।










